দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ

তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল ফোনে আসক্তি থেকে দূরে রেখে খেলামুখী করতে দেশব্যাপী খেলার মাঠের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে মহানগর থেকে শুরু করে গ্রামীণ এলাকা পর্যন্ত খালি জমি ও উন্মুক্ত স্থানের তথ্য সংগ্রহ করে আগামী ৩০ জুনের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোর সমন্বয়ে দ্রুত মাঠ উন্নয়ন ও নতুন মাঠ স্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
দেশের সব মহানগর ও গ্রামীণ এলাকায় তরুণদের জন্য খেলার পরিবেশ নিশ্চিত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৮ মে) একটি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা হয়েছে। সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
সভায় প্রতিমন্ত্রী দেশের প্রতিটি জেলা ও উপজেলায় খালি মাঠ এবং সম্ভাব্য খেলার স্থান চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ তথ্যভিত্তিক তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন।
তিনি বলেছেন, “আগামী ৩০ জুনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খালি জমির তালিকা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। এসব তথ্যের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করে দ্রুত মাঠ উন্নয়ন ও নতুন খেলার মাঠ নির্মাণের কার্যক্রম শুরু করা হবে।”
মো. আমিনুল হক বলেন, “তরুণদের সুস্থ বিকাশ এবং খেলাধুলার সুযোগ সম্প্রসারণে কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।”
সভায় যুবসমাজকে মাদকাসক্তি ও অতিরিক্ত মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে খেলার মাঠ সংরক্ষণ, সংস্কার এবং নতুন মাঠ স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগে দেশের প্রতিটি অঞ্চলে খেলাধুলার উপযোগী পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম উপস্থিত ছিলেন।
এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা দেশের প্রতিটি অঞ্চলে শিশু-কিশোর ও তরুণদের জন্য নিরাপদ ও মানসম্মত খেলার পরিবেশ গড়ে তুলতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
ভিওডি বাংলা/এএইচ/এফএ







