মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মাদক, চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচন না হওয়া পর্যন্ত স্থানীয় মুরব্বি, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কমিটি গঠন করে আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকি করতে হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে রাজধানীর গুলিস্তান সুইমিং স্টেডিয়ামের পাশে মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, মাদক বর্তমানে দেশের অন্যতম বড় সমস্যা। এটি তরুণ সমাজকে ধ্বংস করছে এবং দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তালিকা প্রস্তুত, অভিভাবকদের সতর্ক করা এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, পরিবারের সদস্যদের মাদকমুক্ত রাখতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সমাজের সবাই যদি চোখ-কান খোলা রাখে এবং অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হয়, তাহলে মাদকসহ নানা সামাজিক সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বৃষ্টির পানি কোথাও জমে থাকতে দেওয়া যাবে না। পানি জমে থাকলে সেখানে মশার বংশবিস্তার হয়, যা ডেঙ্গু পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে। এজন্য বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
রাজধানীর পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি করপোরেশনের ওপর নির্ভর করলে হবে না, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। রাস্তা, ফুটপাত কিংবা দোকানের সামনে আবর্জনা ফেলে রাখা যাবে না।
হকার ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, মতিঝিলসহ কিছু এলাকায় নাইট মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে। হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ, নিবন্ধন এবং পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে। তবে নিবন্ধন ছাড়া কোনো হকার ব্যবসা করতে পারবেন না। একইভাবে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া রিকশা পরিচালনার সুযোগও থাকবে না বলেও জানান তিনি।
পরিচ্ছন্নতা কার্যক্রমে অনিয়মের অভিযোগের প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বর্জ্য সংগ্রহে নিয়োজিত ঠিকাদারদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায় ও নিয়মিত বর্জ্য অপসারণ না করার অভিযোগ পাওয়া গেছে। এসব অনিয়ম বন্ধ না হলে ভবিষ্যতে বর্জ্য ব্যবস্থাপনার বর্তমান পদ্ধতি পরিবর্তন করে সরাসরি সিটি করপোরেশনের তত্ত্বাবধানে আনার কথা ভাবা হবে।
তিনি আরও বলেন, প্রতি মাসের প্রথম শনিবার এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করতে হবে। কোথাও সড়ক, ড্রেন বা সড়কবাতির সমস্যা থাকলে তা সিটি করপোরেশনকে জানাতে হবে, যাতে দ্রুত সমাধানের ব্যবস্থা নেওয়া যায়।
তিনি বৈধ ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা না করার আহ্বান জানিয়ে বলেন, যারা এখনো ট্রেড লাইসেন্স নেননি, তারা দ্রুত লাইসেন্স গ্রহণ করুন। অন্যথায় মোবাইল কোর্টের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা কিংবা কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে দলের কেউ জড়িত থাকতে পারবেন না। জনগণের ভোগান্তি সৃষ্টি করে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
ভিওডি বাংলা/খতিব/এমএস







