৩৫ বছরেই না ফেরার দেশে তুর্কি অভিনেত্রী ইসি ইরতেম

তুরস্কের জনপ্রিয় টেলিভিশন সিরিজ ওয়ান লাভ-এ ‘ইশিল’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া অভিনেত্রী ইসি ইরতেম মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
অভিনেত্রীর আইনজীবী উগুর গোক্কোয়ুন জানান, গত সোমবার (১৫ জুন) বিকেলে নিজ বাসায় অচেতন অবস্থায় ইসি ইরতেমকে পাওয়া যায়। সে সময় তিনি তার মায়ের সঙ্গে বাসায় ছিলেন। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, নিজের ৩৫তম জন্মদিন উদযাপনের মাত্র একদিন পরই মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী।

আইনজীবীর ভাষ্য অনুযায়ী, প্রাথমিক চিকিৎসা প্রতিবেদনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়াকে মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে তার আত্মহত্যার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা ভিত্তিহীন বলে দাবি করেছেন আইনজীবী। তিনি সবাইকে গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
১৯৯১ সালের ১৪ জুন তুরস্কের সিভাস শহরে জন্মগ্রহণ করেন ইসি ইরতেম। ২০১৪ সালে তিনি ইয়াসার ইউনিভার্সিটি থেকে ‘অপেরা অ্যান্ড ভোকাল পারফরম্যান্স’ বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে সাদরি আলিশিক কালচারাল সেন্টার-এ অভিনয়ের ওপর পেশাদার প্রশিক্ষণ নেন।
তুরস্কের উদীয়মান অভিনেত্রীদের একজন হিসেবে পরিচিত ইসি ইরতেমের আকস্মিক মৃত্যুতে দেশটির বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত ও সহকর্মীরা তার প্রতি শ্রদ্ধা ও গভীর শোক প্রকাশ করছেন।
ভিওডি বাংলা/আ







