সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার

রাজধানীতে প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে শিশির মুন্না নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগের সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও সাবেক সংসদ সদস্য (এমপি) অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন।
পুলিশ বলছে, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়ে যান শিশির মুন্না। তবে কিছুদিন পর দেশে ফিরেই আবারও প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা নেওয়ার ঘটনায় নতুন করে ফেঁসেছেন তিনি।
বুধবার (১৭ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, কাতারে সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশির মুন্না ও তার সহযোগীরা এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে ১১ লাখ ২৭ হাজার টাকা নেন। পরে তারা ভুক্তভোগীকে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহ করেন। বিষয়টি বুঝতে পেরে ওই ব্যবসায়ী টাকা ফেরত চাইলে অভিযুক্তরা তাকে টালবাহানা করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়।
তিনি বলেন, ভুক্তভোগী এ ঘটনায় ডিবির সহায়তা চাইলে ওয়ারী বিভাগের একটি টিম তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে আরও ১৪ থেকে ১৫ জন ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়। একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার রাত আড়াইটার দিকে মতিঝিল থানার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় যাত্রাবাড়ী থানা পুলিশের সহায়তায় শিশির মুন্নাকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, শিশির মুন্না সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের ফেসবুক পেজের এডমিন হিসেবে কাজ করতেন। তিনি নির্বাচনী প্রচারণার ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা এবং বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন।
তদন্ত-সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, তৎকালীন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের নাম ব্যবহার করে বিদেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে জাল ভিসা ও নকল বিমান টিকিট সরবরাহের মাধ্যমে প্রতারণা করতেন শিশির মুন্না। এ ছাড়া ব্যবসায়িক বিনিয়োগের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর শিশির মুন্না কাতারে চলে যান। পরে ২০২৫ সালের এপ্রিল মাসে দেশে ফিরে এসে আবারও প্রতারণামূলক কর্মকাণ্ড শুরু করেন। তার বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত শিশির মুন্না ভুক্তভোগীদের বর্তমান এমপি-মন্ত্রীদের সঙ্গে নিজের সখ্যতার কথাও শোনাতেন। প্রমাণস্বরূপ ভুক্তভোগীদের সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায়ও ডাকতেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই প্রতারণা চক্রে আরও ৪-৫ জন যুক্ত রয়েছে। তাদের মধ্যে শিশির মুন্নার বোনও রয়েছেন; যিনি দেশের বাইরে অবস্থান করে প্রতারণা কাজে সহায়তা করেন। সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তারে ডিবির অভিযান অব্যাহত রয়েছে।
ভিওডি বাংলা/এফএ







