‘শাপলার কসাই’ শেষ, এবার পরের জন: ফেসবুক পোস্টে শফিক

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন। বিমানবন্দরের আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)ভিত্তিক মুখ শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বেনজীর আহমেদের গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি ইংরেজিতে লিখেছেন, “শাপলার কসাইয়ের অধ্যায় শেষ, এবার পরবর্তী জনের পালা।” স্ট্যাটাসে তিনি সরাসরি কারও নাম উল্লেখ না করলেও বেনজীর আহমেদকে ইঙ্গিত করেছেন বলে সামাজিক মাধ্যমে আলোচনা চলছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ বাংলাদেশ পুলিশকে তার গ্রেপ্তারের তথ্য জানায়।
দুর্নীতির অভিযোগে অভিযুক্ত বেনজীর আহমেদের বিরুদ্ধে এর আগে বিভিন্ন গণমাধ্যমে নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রকাশিত হয়। পরবর্তীতে দুদকসহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার তদন্তেও এসব অভিযোগের বিভিন্ন দিক উঠে আসে।
এদিকে, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম অভিযুক্তও বেনজীর আহমেদ। ওই সময় তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ ও ৬ মে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চট্টগ্রামে এ পর্যন্ত ৫৮ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।
ভিওডি বাংলা/আ







