জুরাইরিয়ার ঝড়ো ফিফটিতে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের

দুর্দান্ত এক জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শুরু করেছে বাংলাদেশ। জুরাইরিয়া ফেরদৌসের ঝড়ো অর্ধশতকে ভর করে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।
বার্মিংহামে অনুষ্ঠিত ম্যাচে ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ দশমিক ১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে নিগার সুলতানার দল।
বাংলাদেশের জয়ের নায়িকা জুরাইরিয়া ফেরদৌস। উদ্বোধনী ব্যাটার ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৫০ রানের দারুণ ইনিংস খেলেন। তার ব্যাটে ভর করে উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৭ রান তোলে বাংলাদেশ।
জুরাইরিয়ার বিদায়ের পর তিন নম্বরে নেমে রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক নিগার সুলতানা। এরপর দ্রুত আরও তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ২৩ বলে ২৬ এবং সোবহানা মোস্তারি ১০ বলে ৪ রান করে বিদায় নেন।
১২ ওভারে ৮৫ রানে ৪ উইকেট হারানোর পর দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। দুজন মিলে পঞ্চম উইকেটে ৪৪ বলে ৫৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
শারমিন ৩২ বলে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস ৮ উইকেটে ১৩৯ রান সংগ্রহ করে। দলের হয়ে বাবেত্তি ডি লিডে ৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলেন। তবে তার বাইরে আর কোনো ব্যাটার ১৬ রানের বেশি করতে পারেননি।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট শিকার করেন মারুফা আক্তার।
জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করায় আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী দল এখন পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে।
ভিওডি বাংলা/আ







