ইংল্যান্ডকে পেছনে ফেলার সুযোগ
অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

এশিয়ার প্রথম দেশ হিসেবে ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নেমেছে বাংলাদেশ। একই সঙ্গে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ইংল্যান্ডকে পেছনে ফেলার সুযোগও উঁকি দিচ্ছে টাইগারদের সামনে।
রোববার (১৪ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে বেলা ১১টায়। আগের ম্যাচে হেলমেটে বলের আঘাত পাওয়া মেহেদী হাসান মিরাজ খেলছেন না তৃতীয় ও শেষ ওয়ানডেতে। তার জায়গায় বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে তিনি নিয়েছেন ব্যাটিং।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। প্রথম ওভারেই ভাঙল স্বাগতিকদের উদ্বোধনী জুটি। জেভিয়ার বার্টলেটের অফ স্টাম্পের একটু বাইরের বল ড্রাইভ করতে চেয়েছিলেন সৌম্য। বলের লাইনে যেতে পারেননি পুরোপুরি। কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ৪ বল খেলে ২ রান করেন সৌম্য। এরপর ক্রিজে তানজিদ হাসানের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত।
সৌম্য সরকারের বিদায়ের পর নিজেদের গুটিয়ে নেননি নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান। কন্ডিশনের সুবিধা পাওয়া অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বিপক্ষে আগ্রাসী ব্যাটিং করেছেন দুই বাঁহাতি ব্যাটসম্যান। বোলাররা আর্লি মুভমেন্ট পেলেও তাতে খুব একটা ভাবেননি তানজিদ ও শান্ত। নিজেদের সহজাত ক্রিকেটই খেলেছেন তারা। স্ট্রাইক একটু কম পাওয়া তানজিদ বেরিয়ে এসে ছক্কা মেরেছেন জেভিয়ার বার্টলেটকে। শান্তর ব্যাট থেকে এসেছে একটি চার। ২০ বলে এক ছক্কা ও দুই চারে ১৯ রান করে উইকেট ছুঁড়ে দেন তানজিদ। পাওয়ার প্লের শেষ ওভারে ম্যাট রেনশর অফ স্টাম্পের বাইরের ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ। টাইমিং করতে পারেননি তিনি, ধরা পড়েন রাইলি মেরেডিথের হাতে। ভাঙে ৫৬ বল স্থায়ী ৫১ রানের জুটি।
এরপর লিটন কুমার দাসকে বেশি দূর যেতে পারেননি শান্তও। অ্যাডাম জ্যাম্পার বলে এলবিডব্লিউ থেকে বাঁচলেও ৫০ বলে তিন চারে ২৪ রান করে ফেরেন সেই রেনশর বলেই। তার আউটে কিছুটা চাপে পড়েছে বাংলাদেশ। ১৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেটে ৬২। এমন পরিস্থিতিতে ক্রিজে লিটন দাসের সঙ্গী তাওহিদ হৃদয়।
আজকের ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের কনকাশনের শঙ্কায় দলে আসা অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান জায়গা পেয়েছেন একাদশে। গতিময় পেসার নাহিদ রানার জায়গায় খেলছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ
শেখ মেহেদি হাসান, সৌম্য সরকার, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া একাদশেও এসেছে ২ পরিবর্তন। সিরিজের প্রথম দুই ম্যাচসহ টানা তিন ওয়ানডেতে শূন্য রানে ফেরা ম্যাথু শর্ট জায়গা হারিয়েছেন একাদশে। বাদ পড়েছেন ন্যাথান এলিস। তাদের জায়গায় এনেছেন অলিভার পিক ও বেশ ডোয়ার্শাস।
অস্ট্রেলিয়া একাদশ
জশ ইংলিস (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেয়ারি, কুপার কনোলি, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, রাইলি মেরেডিথ, অ্যাডাম জ্যাম্পা, অলিভার পিক, বেন ডোয়ার্শাস।
তিন বা এর বেশি ম্যাচে ১০৪টি সিরিজ খেলে এখন পর্যন্ত মাত্র ছয়বার হোয়াইটওয়াশ হয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে তিনবার, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একবার ও নিউ জিল্যান্ডের বিপক্ষে একবার।
নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই তালিকায় যোগ হতে পারে অস্ট্রেলিয়ার নামও।
ভিওডি বাংলা/এফএ







