• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফিফা বিশ্বকাপ ২০২৬

নেইমারকে ছাড়াই নামছে ব্রাজিল, একাদশে তিন চমক

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৩:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় রোববার (১৪ জুন) ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে গ্রুপ ‘সি’-এর এই ম্যাচ।

এবারও বড় চমক দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে ২০২২ বিশ্বকাপে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে উঠে আলোচনায় আসা মরক্কো। তবে কাগজে-কলমে এগিয়ে রয়েছে ব্রাজিলই। সব মিলিয়ে তারকা নির্ভর ব্রাজিল ও আত্মবিশ্বাসী মরক্কোর এই লড়াই ঘিরে তৈরি হয়েছে তীব্র উত্তেজনা। বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখাতে মরিয়া দু’দলই।

ম্যাচের আগে সবচেয়ে বড় খবর, ইনজুরির কারণে এই ম্যাচে নেই ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ফলে আক্রমণভাগে কিছুটা পরিবর্তিত পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হচ্ছে সেলেসাওদের।

কদিন ধরেই ব্রাজিলের সম্ভাব্য একাদশ নিয়ে নানা আলোচনা চলছিল। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো দুই ফুলব্যাক হিসেবে দানিলো ও অ্যালেক্স সান্দ্রোর নাম সামনে এনেছিল। আক্রমণভাগে ম্যাথিয়ুস কুনহাকে নিয়ে জল্পনাও ছিল। তবে কোচের চূড়ান্ত একাদশে এসেছে চমক। ফুলব্যাক হিসেবে দেখা যেতে পারে ইবানিয়েজ ও ডগলাস সান্তোসকে, আর আক্রমণভাগে জায়গা পেয়েছেন ইগর থিয়াগো।

মরক্কোও অবশ্য এই ম্যাচে পুরো শক্তি নিয়ে নামতে পারছে না। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক নায়েফ আগুয়ের্দ পিউবালজিয়া সমস্যার কারণে একাদশে নেই। তার জায়গায় ইসা দিওপ ও চাদি রিয়াদকে দেখা যেতে পারে। পাশাপাশি নুসাইর মাজরাউই কাঁধের চোটে ভুগছেন, ফলে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। হাঁটুর লিগামেন্টে চোট পাওয়ায় এজ আবদে পুরো গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে পারেন।

এদিকে এ ম্যাচটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। বাংলাদেশ ও প্রবাস থেকে ম্যাচটি দেখা যাবে রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভিতে। এর পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। অনলাইন প্ল্যাটফর্ম টফি, বায়োস্কোপ, মাই রবি ও আইস্ক্রিনে সাবস্ক্রিপশনের মাধ্যমে ম্যাচটি দেখা যাবে।

ব্রাজিলের চূড়ান্ত একাদশ
অ্যালিসন বেকার, ইবানিয়েজ, মার্কুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো ও রাফিনহা।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
পেনাল্টিতে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে কাতার
ফিফা বিশ্বকাপ ২০২৬ পেনাল্টিতে এগিয়ে সুইজারল্যান্ড, চাপে কাতার
৯২ বছরে নিজেদের প্রথম ম্যাচ হারেনি ব্রাজিল
ফুটবল বিশ্বকাপ ৯২ বছরে নিজেদের প্রথম ম্যাচ হারেনি ব্রাজিল