• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

২১ মিনিটে মরক্কোর গোল, ৩২ মিনিটে ব্রাজিলের প্রতিশোধ

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৪ জুন ২০২৬, ০৪:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে ম্যাচে শুরুতেই বড় চমক দেখিয়েছে মরক্কো। ২১ মিনিটে দারুণ ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন ইসমাইল সাইবারি। তবে এগিয়ে যাওয়ার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১১ মিনিট পরই প্রতিশোধ নিয়েছেন ভিনিসিয়ূস জুনিয়র। ৩২ মিনিটে তার বুলেট গতির শট ব্রাজিলকে সমতা এনে দিয়েছে।

রোববার (১৪ জুন) ভোরে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলতে দেখা যায় মরক্কোকে। ব্রাজিলের হাই প্রেসিংকে বারবার পাশ কাটিয়ে আক্রমণে ওঠে তারা। সপ্তম মিনিটে মাজরাউইয়ের ক্রস থেকে নিল এল আয়নাউইয়ের শট ব্রুনো গিমারায়েস ব্লক না করলে বিপদে পড়তে পারত সেলেসাওরা। একই আক্রমণে আশরাফ হাকিমির নিচু শটও ব্রাজিল রক্ষণকে ব্যস্ত রাখে।

প্রথম ২০ মিনিটে মাঝমাঠের লড়াইয়ে ব্রাজিলকে বেশ ভুগতে হয়েছে। কার্লো আনচেলত্তির দল বলের দখল পেলেও আক্রমণ গড়ে তুলতে পারেনি ধারাবাহিকভাবে। বরং আজেদিন উনাহি, আয়ুব বুয়াদ্দি ও ব্রাহিম দিয়াজদের দাপটে বেশ কয়েকবার ছন্দ হারায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

১৪ মিনিটে অবশ্য ম্যাচের সেরা সুযোগ পায় ব্রাজিল। বাম দিক দিয়ে ভিনিসিয়ূস জুনিয়রের দারুণ ক্রসে বক্সের মধ্যে ফাঁকায় ছিলেন ইগর থিয়াগো। কিন্তু হেডে বলের সংযোগই করতে পারেননি তিনি। সুযোগ নষ্টের সেই আক্ষেপ আরও বাড়ে কয়েক মিনিট পরই।

২১ মিনিটে আসে ম্যাচের প্রথম গোল। ডান প্রান্তে জায়গা বের করে নেওয়া ব্রাহিম দিয়াজ চমৎকার একটি পাস বাড়ান ইসমাইল সাইবারির দিকে। সুযোগ পেয়ে ভুল করেননি পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড। তার নিখুঁত ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।

গোল হজমের আগে ১৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে নিশ্চিত সুযোগ থেকে বঞ্চিত করেন আশরাফ হাকিমি। রাফিনিয়ার দারুণ পাস থেকে ভিনিসিয়ূস গোলমুখে ঘুরে দাঁড়ালেও সময়মতো ট্যাকল করে বিপদ কাটান মরক্কোর অধিনায়ক।

ব্রাজিলের জন্য বিশ্বকাপের শিরোপা খরা দীর্ঘ হচ্ছে। ২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। ফলে এবার তাদের সামনে রয়েছে ২৪ বছরের অপেক্ষার অবসান ঘটানোর চ্যালেঞ্জ। কিন্তু সেই মিশনের শুরুটা এখন পর্যন্ত মোটেও স্বস্তিদায়ক নয়।

ম্যাচের প্রথম ২১ মিনিটে মরক্কো শুধু এগিয়েই নেই, খেলায়ও নিজেদের উপস্থিতি শক্তভাবে জানান দিয়েছে। আর ব্রাজিলকে দ্রুত ঘুরে দাঁড়াতে না পারলে বিশ্বকাপ মিশনের শুরুতেই বড় ধাক্কা খেতে হতে পারে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রথম ম্যাচের আগে ব্রাজিলের গণমাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা
ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রথম ম্যাচের আগে ব্রাজিলের গণমাধ্যমে বাংলাদেশের ফুটবল উন্মাদনা
বন্ধুত্বের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল যুদ্ধ
বন্ধুত্বের আড্ডায় আর্জেন্টিনা-ব্রাজিল ফুটবল যুদ্ধ
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?
ব্রাজিল কি আসলেই ভয় পাচ্ছে মরক্কোকে?