• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাজেটের প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়েনি

নিজস্ব প্রতিবেদক    ১২ জুন ২০২৬, ১২:২৭ পি.এম.
ছবি: সংগৃহীত

গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব করা হয়েছে। আগের মতোই বাজারে ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। মৌসুম না হওয়ায় বাজারে সবচেয়ে বেশি দামের সবজি তালিকায় রয়েছে টমেটো, যা প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলো আগের সপ্তাহের মতোই ৫০ থেকে ৮০ টাকার মধ্যে চলছে।

শুক্রবার (১২ জুন) সকালে রাজধানীর কারওয়ান বাজার, শান্তিনগর, মালিবাগ ও হাতিরপুলসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্রই দেখা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেশিরভাগ সবজি ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এ দামের মধ্যে কাঁকরোল, বেগুন, করলা, বরবটি, ঝিঙ্গা চিচিঙ্গা কিনতে পাওয়া যাচ্ছে। আরও কমে পেঁপে ৩০- ৪০ টাকা , ঢ্যাঁড়স ৪০-৫০ টাকা, পটোল ৪০ টাকায় বিক্রি হচ্ছে।  

ব্যবসায়ী ও বাজার বিশ্লেষকদের মতে, বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত ২০২৬-২৭ সালের নতুন বাজেটে কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম হুট করে বেড়ে যাওয়ার মতো নেতিবাচক সিদ্ধান্ত ছিল না। ফলে কর বা শুল্ক বৃদ্ধির অজুহাতে পণ্য মজুত বা কৃত্রিম সংকট তৈরির সুযোগ পাননি অসাধু ব্যবসায়ীরা। 

আবার ​সংশ্লিষ্টরা এ-ও বলছেন, এবারের বাজেটে উল্টো বিভিন্ন নিত্যপণ্যের ওপর শুল্ককর ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সাধারণ মানুষের স্বস্তির কথা চিন্তা করে ধান, চাল, গম, আলু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেলসহ অন্তত ৬০টি নিত্যপণ্যের ওপর উৎসে কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবের পর এসব পণ্যের দাম বাজারে আরও কিছুটা কমার সুযোগ তৈরি হয়েছে। তবে এর কোনো দৃশ্যমান প্রভাব এখনো খুচরা বাজারে পড়তে দেখা যায়নি।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের পর ঢাকার বাজারে মানুষের চাপ কম থাকায় সবজির চাহিদা কিছুটা কম, যার কারণে সরবরাহ ভালো থাকায় দাম বাড়েনি।

এদিকে, এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের ঠিক আগে কিছুটা চড়া ছিল। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ থেকে ৩৬০ টাকা কেজিতে।

অন্যদিকে ফার্মের মুরগির ডিমের দামও রয়েছে নাগালের মধ্যে, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।

মসলার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫  টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এখন প্রতি কেজি দেশি রসুন ৮০ থেকে ১০০ টাকা এবং আমদানি করা রসুন ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকার মধ্যে। এছাড়া বাজারে আলুর কেজি ২০ থেকে ৩০ টাকা।

এসব পণ্যে কর কমার প্রভাব প্রসঙ্গে কারওয়ান বাজারের মুদি ব্যবসায়ী আলহাজ্ব হেলাল উদ্দিন বলেন, বাজেটে কর কমানোর কথা শুনছি, কিন্তু সেই সুবিধা আমাদের পেতে আরও কিছুদিন সময় লাগবে। কারণ আমরা আগের কেনা দামেই মালামাল বিক্রি করছি।

তিনি বলেন, তবে এবার ভালো দিক হলো, বাজেটের পর কোনো জিনিসের দাম বাড়েনি। এখন পাইকারি বাজারে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করতে পারবো।

শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকুরিজীবী তানভীর আহমেদ বলেন, অন্যান্য বছর বাজেট ঘোষণার পরদিনই অনেক পণ্যের দাম বেড়ে যায়। এবার অন্তত সেই আতঙ্কটা নেই। ডিম, মুরগি, পেঁয়াজ বা তেলের দাম আগের মতোই আছে।

সবজির দামের বিষয়ে রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলি বলেন, চলতি মাসের শুরুতে সবজির দাম যেমন বাড়তি ছিল সেই তুলনায় বর্তমানে সবজির দাম কম যাচ্ছে। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে মৌসুম না হওয়ায় টমেটো প্রতি কেজি ১২০ টাকায়, শসা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। বাকি সবজিগুলোর দাম বলতে গেলে আগের চেয়ে কম রয়েছে। মোটামুটি এক সপ্তাহ ধরে সবজির বাজার ৫০ থেকে ৮০ টাকার ঘরে।

মাছের বাজারেও দামে বড় কোনো পরিবর্তন নেই। তেলাপিয়া মাছ প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৫৫০ টাকা, মাগুর ৫৪০ টাকা এবং শিং মাছ ৪০০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকারভেদে ৮০০ থেকে ১ হাজার ৩০০ টাকা পর্যন্ত রয়েছে।

মাংসের বাজারে গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, সরকার যে ৬০টি পণ্যের উৎসে কর কমিয়েছে, তার সুফল যেন সাধারণ মানুষ দ্রুত পায়, সেই ব্যবস্থা করা উচিত। প্রশাসনের উচিত বাজার মনিটরিং জোরদার রাখা।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব
বাজেট ২০২৬-২৭ সৌর শিল্পের বিকাশে বড় প্রণোদনা, কর-শুল্ক ছাড়ের প্রস্তাব
বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা
বাজেট ২০২৬-২৭ বিদ্যুৎ-জ্বালানি খাতে বরাদ্দ বাড়িয়ে ১৭ হাজার ৩৪৫ কোটি টাকা
বাড়ল করমুক্ত আয়সীমা, সারা বছর দেয়া যাবে রিটার্ন
বাজেট ২০২৬-২৭ বাড়ল করমুক্ত আয়সীমা, সারা বছর দেয়া যাবে রিটার্ন