৩ লাল কার্ডের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারাল মেক্সিকো

ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপের যাত্রা শুরু করেছে মেক্সিকো। প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিয়েছে স্বাগতিকরা।
মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে দেখা গেছে তিনটি লাল কার্ডও।
৪৯ মিনিটে মিডফিল্ডার স্ফেফেলো সিথোলের পর ৮৪ মিনিটে মিডফিল্ডার থেম্বা জেওয়ানে লাল কার্ড দেখলে ৯ জনের দল হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। পরে যোগ করা সময়ে লাল কার্ড দেখেন মেক্সিকোর সেজার মন্তেস।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। এর ফলও পেয়ে যায় দ্রুত। নবম মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় মেক্সিকো।
প্রথমার্ধে সেই এক গোলের লিড ধরে রাখার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিকরা। ৬৭তম মিনিটে রাউল হিমিনেজ গোল করে দলের জয় প্রায় নিশ্চিত করেন।
শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। এই জয়ের মাধ্যমে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে প্রথমবারের মতো জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল স্বাগতিক দেশটি।
ভিওডি বাংলা/আ







