কাশ্মীরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গেল ২২ সেনার

পাকিস্তান অধিকৃত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ২২ জন সেনাসদস্য নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্মরণে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের আয়োজন করা হয়েছে। রুশ নির্মিত এমআই-১৭ হেলিকপ্টারটি বুধবার কাশ্মীরের মুজাফফরাবাদ এলাকার কাছে বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলের আশপাশে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতেও সেই দৃশ্য ধরা পড়ে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
যদিও আইএসপিআর আনুষ্ঠানিকভাবে নিহতের সংখ্যা প্রকাশ করেনি, তবে সংস্থাটি জানিয়েছে হেলিকপ্টারটির সব আরোহীই নিহত হয়েছেন। রয়টার্স, আনাদোলু ও অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া নিরাপত্তা সূত্রের তথ্যমতে, দুর্ঘটনায় মোট ২২ জন প্রাণ হারিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন কর্নেল, দুজন মেজর এবং ১৯ জন সেনাসদস্য রয়েছেন।
আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার কাশ্মীরে অবস্থানরত একটি আর্টিলারি ইউনিটের সদস্যরা জাতীয় পতাকায় মোড়ানো কফিন বহন করে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করেন।
আইএসপিআর আরও জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। এ ঘটনায় সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং সেনাবাহিনীর সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।
এ ছাড়া পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
ভিওডি বাংলা/আ







