রিয়াল মাদ্রিদের নতুন কোচ জোসে মরিনহো

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে জোসে মরিনহোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে স্প্যানিশ ক্লাবটি।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে, পর্তুগিজ এই অভিজ্ঞ কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত তিনি ক্লাবটির দায়িত্বে থাকবেন।
ক্লাবের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী ১৩ জুলাই থেকে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করবে দল। সেদিন থেকেই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করবেন মরিনহো।
গত জানুয়ারিতে জাবি আলোনসোর আকস্মিক বিদায়ের পর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। তবে তার অধীনে প্রত্যাশিত সাফল্য পায়নি রিয়াল মাদ্রিদ।
দলের সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে আবারও শীর্ষে ফেরার লক্ষ্যেই মরিনহোর ওপর আস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ। এর আগে গত সেপ্টেম্বরে বেনফিকার দায়িত্ব নেওয়া এই কোচ দলটিকে পর্তুগিজ লিগে তৃতীয় স্থানে রেখে আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন।
এর আগে ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো। তার অধীনে ২০১১-১২ মৌসুমে লা লিগা শিরোপা জেতে ক্লাবটি। পাশাপাশি কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপও জিতেছিলেন তিনি।
ভিওডি বাংলা/আ







