পর্দা উঠলো ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ ফিফা বিশ্বকাপ ২০২৬

মেক্সিকো সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাঠের লড়াই। তার আগে মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। প্রায় ২০ থেকে ২৫ মিনিটব্যাপী এ আয়োজনে ফুটবল ও সংগীতপ্রেমীদের জন্য ছিল বিশেষ চমক।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বিশ্বসংগীতের জনপ্রিয় দুই তারকা শাকিরা ও বার্না বয়। তারা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
এ ছাড়া আন্দ্রেয়া বোচেলি, ডেভিড গেটা, মেগান থি স্ট্যালিয়ন ও ইজেএ যৌথভাবে পরিবেশন করেন বিশ্বকাপের আরেকটি মূল গান ‘ডিএনএ’।
মেক্সিকোর সংস্কৃতির পরিচয় তুলে ধরতে মঞ্চে পারফর্ম করেন দেশটির জনপ্রিয় শিল্পীরাও। পপ গায়িকা বেলিন্ডা, লোকসংগীতশিল্পী লিলা ডাউনস এবং ঐতিহ্যবাহী কুম্বিয়া সংগীত দল লস অ্যাঞ্জেলেস আজুলিস দর্শকদের মাতিয়ে তোলেন। কিংবদন্তি মারিয়াচি শিল্পী আলেহান্দ্রো ফার্নান্দেজ পরিবেশন করেন মেক্সিকোর জাতীয় সংগীত। পাশাপাশি ভেনিজুয়েলার ড্যানি ওশেন এবং কলম্বিয়ার জে বালভিন ও রায়ান কাস্ত্রো রেগেটন পরিবেশনার মাধ্যমে গ্যালারিতে বাড়তি উন্মাদনা ছড়িয়ে দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়ালকেও দেখা যায়।
তবে উদ্বোধনী আয়োজন শুধু মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। সহ-আয়োজক কানাডা ও যুক্তরাষ্ট্রেও পৃথক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
১২ জুন টরন্টো স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনার ম্যাচের আগে কানাডার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সেখানে অংশ নেবেন নোরা ফাতেহি, মাইকেল বুবলে, জেসি রেয়েজ, অ্যালানিস মরিসেত্তে, অ্যালেসিয়া কারা, এলিয়ানা এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয়।
এর এক দিন পর, ১৩ জুন লস অ্যাঞ্জেলেসে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠান। সেই মঞ্চে পারফর্ম করবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা এবং টাইলা।
বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে তিন আয়োজক দেশই সংগীত, সংস্কৃতি ও বিনোদনের এক বর্ণিল উৎসবের আয়োজন করেছে, যা ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলেছে।
ভিওডি বাংলা/আ







