তানিন সুবাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

রূপালি পর্দার ঝলমলে ভুবন ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রনায়িকা তানিন সুবাহ। মাত্র ৩২ বছর বয়সে জীবনের ইতি টানা এই অভিনেত্রীর আজ প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের ১০ জুন চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
২০২৫ সালের ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুবাহ। প্রথমে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে চিকিৎসা নেন এবং পরে বাসায় ফিরে যান। তবে সেদিন সন্ধ্যায় আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বনশ্রীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে এক সপ্তাহেরও বেশি সময় মৃত্যুর সঙ্গে লড়াই করে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১০ জুন চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে পৃথিবীর মায়া ত্যাগ করেন এই অভিনেত্রী।
মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মোল্লারহাটে জন্মগ্রহণ করলেও তানিন সুবাহর শৈশব কেটেছে বরিশালে নানাবাড়িতে। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক অঙ্গনের প্রতি আগ্রহ ছিল তার। বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন তানিন। পরবর্তীতে নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। ‘মাটির পরী’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন তিনি।
সংক্ষিপ্ত ক্যারিয়ার হলেও অভিনয়গুণ, ব্যক্তিত্ব এবং প্রাণবন্ত উপস্থিতির কারণে দর্শক ও সহকর্মীদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তানিন সুবাহ। তার অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছিল পুরো শোবিজ অঙ্গনে।
মৃত্যুর এক বছর পরও ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিতে অমলিন হয়ে আছেন তানিন সুবাহ। তার জন্য রইল গভীর শ্রদ্ধা ও দোয়া।
ভিওডি বাংলা/বিন্দু







