গুরুতর অসুস্থ নির্মাতা কাজল আরেফিন অমি

জনপ্রিয় নাট্যনির্মাতা হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। গলার জটিল সমস্যায় আক্রান্ত হয়ে বর্তমানে কথা বলতে পারছেন না তিনি। চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন এই নির্মাতা।
মঙ্গলবার (৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে শারীরিক অবস্থার কথা ভক্তদের জানিয়েছেন অমি।
তিনি জানান, দাঁতের সমস্যার কারণে কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এবং চিকিৎসাও চলছিল। তবে পর্যাপ্ত বিশ্রাম না নিয়েই জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শুটিংয়ে অংশ নেন।
ফেসবুক পোস্টে অমি লিখেছেন, “শুটিং চলাকালে হঠাৎ গলায় তীব্র অস্বস্তি অনুভব করি। ধীরে ধীরে আমার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসে এবং ঠিকমতো কথা বলতে পারছিলাম না। যে মুহূর্তটি আনন্দের হওয়ার কথা ছিল, সেটি হঠাৎই আমার জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে।”
তিনি জানান, পরিস্থিতির অবনতি হলে শুটিং বন্ধ করে দ্রুত হাসপাতালে যেতে হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তার গলায় একটি সিস্ট শনাক্ত করেন।
অমি আরও জানান, চিকিৎসকরা তাকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য টানা ৭ দিন একদম কথা না বলার পরামর্শ দিয়েছেন। যদি এই সময়ের মধ্যে অবস্থার উন্নতি না হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
অসুস্থতার কথা জানিয়ে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন এই নির্মাতা। তিনি লেখেন, “আমি ঠিক বুঝতে পারছি না কী হচ্ছে। বিষয়টি বেশ কষ্টদায়ক। আমি একজন কর্মঠ মানুষ। প্রতি মাসে আমরা আপনাদের জন্য আটটি পর্ব প্রকাশ করি। আমি আশা করি আবারও সুস্থ হয়ে সেই কাজ চালিয়ে যেতে পারব। আমার শুধু আপনাদের দোয়া প্রয়োজন।”
জনপ্রিয় এই নির্মাতার দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভকামনা জানাচ্ছেন ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।
ভিওডি বাংলা/শাহাদাত হাওলাদার/আ







