• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

কুষ্টিয়ায় ৬ হত্যা: হানিফসহ চার আসামির রায় যেকোনো দিন

আদালত প্রতিবেদক    ১০ জুন ২০২৬, ০৭:৩৫ পি.এম.
মাহবুব উল আলম হানিফ। ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। ফলে মামলাটি এখন রায়ের অপেক্ষায় রয়েছে।

বুধবার (১০ জুন) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। পরে ট্রাইব্যুনাল মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) ঘোষণা করেন। যেকোনো দিন এ মামলার রায় ঘোষণা হতে পারে।

মামলার অন্য তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী এবং শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। তারা সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

আদালতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে নিয়োগপ্রাপ্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করেন। পরে প্রসিকিউশনের যুক্তি খণ্ডন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। এ সময় প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ সংশ্লিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ এপ্রিল তদন্ত কর্মকর্তার জেরার মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। ১১ মে থেকে যুক্তিতর্ক শুরু হয়। ৭ জুন প্রসিকিউশন তাদের যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এবং আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ৫ অক্টোবর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং ৬ অক্টোবর অভিযোগ আমলে নেওয়া হয়। পরে ২ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

দীর্ঘ শুনানি, সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে মামলাটি এখন চূড়ান্ত রায়ের পর্যায়ে পৌঁছেছে।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এমপি আনার হত্যা: শিমুলের জামিন স্থগিতের আবেদন
এমপি আনার হত্যা: শিমুলের জামিন স্থগিতের আবেদন
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে
তালপাতায় লেখা সেই রায়
তালপাতায় লেখা সেই রায়