যুবদলের কেন্দ্রীয় কমিটিতে নেত্রকোণার পাইলট-সানোয়ার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম নয়ন।
নবঘোষিত এ পূর্ণাঙ্গ কমিটিতে দেশের বিভিন্ন জেলা ও উপজেলার পরীক্ষিত, ত্যাগী এবং দীর্ঘদিনের রাজনৈতিক কর্মীদের মূল্যায়ন করা হয়েছে। কমিটিতে গুরুত্বপূর্ণ দুটি পদে স্থান পেয়েছেন নেত্রকোণা জেলার দুই কৃতি সন্তান সাবেক ছাত্রদল নেতা এজমল হোসেন পাইলট যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এজমল হোসেন পাইলট ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করে রাজনৈতিক অঙ্গনে নিজের দক্ষতা ও নেতৃত্বের পরিচয় দিয়েছেন।
অন্যদিকে, কৃষিবিদ সানোয়ার আলম কেন্দ্রীয় যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেছেন। সাবেক এ ছাত্রনেতা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ছিলেন এবং কেন্দ্রীয় ছাত্রদলে দায়িত্ব পালন করেছেন।
নেত্রকোণার রাজনৈতিক অঙ্গনে এ দুই নেতার পদপ্রাপ্তিকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের মতে, কেন্দ্রীয় পর্যায়ে নেত্রকোণার প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং জেলার সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে।
এদিকে, এজমল হোসেন পাইলট ও কৃষিবিদ সানোয়ার আলমকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নেত্রকোণা জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত দুই নেতা যুবদলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ভিওডি বাংলা/একে এম এরশাদুল হক জনি/আ







