• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সেই ‘অলৌকিক’ গাছ কেটে ফেলল প্রশাসন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া)  প্রতিনিধি    ৫ জুন ২০২৬, ০৪:৪৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঝড়ে উপড়ে পড়ার পর পুনরায় সোজা হয়ে দাঁড়িয়ে যাওয়ায় আলোচনায় আসা সেই ‘অলৌকিক’ গাছটি কেটে ফেলেছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামে।

শুক্রবার (৫ জুন) দুপুরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় গাছটি কেটে ফেলা হয়। গাছটির মালিক একই গ্রামের প্রবাসী মো. রুহুল আমিন মুন্সি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে কালবৈশাখীতে গ্রামের একটি পুকুরপাড়ে থাকা গাছটি শিকড়সহ উপড়ে পড়ে।

পরে গাছটির ডালপালা ও ওপরের অংশ কেটে ফেলা হয়। প্রায় ১০ দিন আগে আরেক দফা ঝড়ের পর ডালপালাবিহীন গাছের অবশিষ্ট কাণ্ডটি আবার অনেকটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়। এ দৃশ্যের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

একপর্যায়ে গাছটিকে ‘অলৌকিক’ ঘটনা কিংবা ‘জিনের কাজ’ বলে প্রচার শুরু হয়। প্রতিদিন শত শত মানুষ গাছটি দেখতে ভিড় করতে থাকেন। কেউ কেউ মানত করেন, আগরবাতি ও মোমবাতি জ্বালান, এমনকি গাছের শিকড় ও বাকল সংগ্রহ করে নিয়ে যান। পরে গাছের নিচে লাল কাপড় বাঁধা হয় এবং স্থানটিকে মাজারসদৃশ রূপ দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে।

তবে স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টদের মতে, ঘটনাটির পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। ঝড়ে উপড়ে পড়ার সময় শিকড়ের সঙ্গে বিপুল পরিমাণ মাটি উঠে আসে। পরে ডালপালা ও ওপরের অংশ কেটে ফেলায় গাছটির ভরকেন্দ্র পরিবর্তিত হয়। ফলে শিকড় ও মাটির ভারসাম্যের কারণে কাণ্ডটি আবার অনেকটা সোজা হয়ে দাঁড়িয়ে যায়।

স্থানীয় কাঠুরিয়া মো. আমিন মিয়া বলেন, ‘গাছটি ঝড়ে শিকড়সহ উপড়ে পড়েছিল। পরে ডালপালা কেটে দেওয়ায় ভারসাম্যের পরিবর্তন ঘটে এবং সেটি আবার দাঁড়িয়ে যায়। এতে অলৌকিক কোনো বিষয় নেই।’

আখাউড়া ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. নান্নু মিয়া বলেন, ‘গাছটির প্রায় ৮০ শতাংশ অংশ কাটা ছিল। মাথার অংশ অপসারণ করায় ওপরের ওজন কমে যায়, আর গোড়ার অংশ ভারী থাকায় এটি পুনরায় সোজা হয়ে দাঁড়াতে সক্ষম হয়।’

আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘গাছটিকে ঘিরে মানুষের ব্যাপক সমাগম হচ্ছিল এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারত। গাছের মালিকের অনুমতি নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় এটি অপসারণ করা হয়েছে।’

তিনি আরও জানান, গাছের মালিক জানিয়েছেন, গাছ বিক্রি করে পাওয়া অর্থ স্থানীয় কোনো মসজিদ বা মাদ্রাসায় অনুদান হিসেবে প্রদান করা হবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস উদ্ধার, দৌলতদিয়ায় ফের যানবাহন পারাপার শুরু
বাস উদ্ধার, দৌলতদিয়ায় ফের যানবাহন পারাপার শুরু
১৪৪ ধারার মধ্যেই হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
১৪৪ ধারার মধ্যেই হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ
শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার
সৈয়দপুর শতাধিক লোকজন নিয়ে বিএনপিতে যোগ দিলেন বিপু তালুকদার