জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ইসলামী আন্দোলনের ক্ষোভ, সামর্থ্য বিবেচনার আহ্বান

বিশ্ববাজারের দোহাই দিয়ে জ্বালানির দাম আবারও বাড়ানোকে অযৌক্তিক ও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্যের কথা বলে জ্বালানির মূল্য বাড়ানো হলেও বাস্তবে তা দেশের সাধারণ মানুষের আর্থিক সক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং জনগণের ক্রয়ক্ষমতাকে বিবেচনায় রেখে দাম নির্ধারণ করা উচিত বলে তিনি মত দেন।
৩১ মে রাত ১২টা থেকে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ৫ টাকা করে বাড়ানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১ জুন) এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, জ্বালানির দাম আন্তর্জাতিক বাজারে ওঠানামা করলেও দেশে তা প্রায় একমুখী শুধু বাড়ার দিকেই যায়। এর প্রভাবে নিত্যপণ্যের দামও নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জ্বালানির দাম কমলে কিংবা আন্তর্জাতিক বাজারে পতন হলেও তার সুফল সাধারণ মানুষ পায় না। তার অভিযোগ, বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হচ্ছে, যা জনবিরোধী নীতির পুনরাবৃত্তি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে। নতুন সরকারের প্রতি মানুষের প্রত্যাশা ছিল, তবে সেই প্রত্যাশা পূরণের পরিবর্তে জনগণকে আরও চাপের মধ্যে ফেলা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মাওলানা গাজী আতাউর রহমানের মতে, বৈশ্বিক চাপ ও বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব সরকারকেই নিতে হবে। কিন্তু সেই চাপ যদি পুরোপুরি জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তাহলে সরকারের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠবে। তাই তিনি সরকারের প্রতি আহ্বান জানান জনগণের আর্থিক চাপ কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার।
ভিওডি বাংলা/এমএস







