ইসলামী ব্যাংক ইস্যুতে জামায়াতের নিন্দা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র প্রধান কার্যালয়ের সামনে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আন্দোলনকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে দলটি।
সোমবার (১ জুন) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ব্যাংকের স্বার্থ রক্ষা এবং নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর পুলিশের বলপ্রয়োগ অনাকাঙ্ক্ষিত। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে আন্দোলনকারীদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করেন।
মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে সাধারণ গ্রাহকেরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এ সময় পুলিশ লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও জলকামান ব্যবহার করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে বলপ্রয়োগ মানবাধিকার পরিপন্থী এবং এ ধরনের ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনা উচিত।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ব্যাংক জনগণের আমানতের ওপর পরিচালিত হয়। তাই আমানতকারী ও গ্রাহকদের উদ্বেগ এবং মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
বিবৃতিতে তিনি ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে সৃষ্ট সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
ভিওডি বাংলা/আ







