শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুরে মো. সেলিম মোল্লা নামের এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় রাজনীতিতে আলোচনা তৈরি হয়েছে।
মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. সেলিম মোল্লাকে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মুকসুদপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবুল কাইয়ুম শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কাশালিয়া গ্রামের বাসিন্দা মো. সেলিম মোল্লা দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যক্রমে যুক্ত থাকায় তাকে কাশালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
এতে আরও জানানো হয়, ৩১ মে থেকে এই বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। একই সঙ্গে মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অধীনস্থ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মো. সেলিম মোল্লার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক বা দলীয় যোগাযোগ না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা ও চেইন অব কমান্ড বজায় রাখা এবং তৃণমূল পর্যায়ে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কার সংক্রান্ত চিঠির অনুলিপি ইতোমধ্যে স্থানীয় ও জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের কাছে পাঠানো হয়েছে।
ভিওডি বাংলা/এমএস







