গরুর হাটে টাকার বান্ডিলে কাগজ, সর্বস্বান্ত বিক্রেতা

ঈদের আগে জমজমাট গরুর হাটে অভিনব প্রতারণার শিকার হয়েছেন এক দরিদ্র গরু বিক্রেতা। আসল টাকার মতো বান্ডিল ধরিয়ে দিয়ে তার কাছ থেকে গরু নিয়ে পালিয়ে গেছে প্রতারক চক্র।
ভুক্তভোগীর অভিযোগ, টাকার বান্ডিলের ভেতরে উপরে-নিচে কয়েকটি ৫০ টাকার আসল নোট থাকলেও বাকি সবই ছিল সাদা কাগজ। তিনি বলেন, “এই টাকা দিয়ে আপনার কাছ থেকে গরু নিয়ে গেছে। টাকার বান্ডিলের মাঝে মাঝে ৫০ টাকার কয়েকটি আসল নোট ছিল। বাকি সব ছিল কাগজ।”
ক্ষতিগ্রস্ত ব্যক্তি ফকিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, জামাইয়ের গরু বিক্রি করতে তেজগাহাটি বাজারে এসেছিলেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমি গরীব মানুষ।” এছাড়া তিনি আরও বলেন, “আমার জামাইয়ের গরু, আমি জামাইয়ের সাথে আইছিলাম।”
ঈদকে কেন্দ্র করে বাজারে ক্রেতা-বিক্রেতাদের ভিড় ও উৎসবমুখর পরিবেশের সুযোগ নিয়েই প্রতারক এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর বিষয়টি বাজার কমিটিকে জানানো হয়েছে। বাজারে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে প্রতারককে শনাক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী। তিনি বলেন, “ক্যামেরা আছে, ফুটেজটা বার করেন।”
ভিওডি বাংলা/এমএস






