‘দুঃখ’ প্রকাশ, শিশু মৃত্যুর যে কারণ জানাল আদ্-দ্বীন কর্তৃপক্ষ

ঢাকার মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর বিষয়ে ‘গভীর দুঃখ ও শোক’ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৭ মে) আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর এণ্ড কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ দু:খ প্রকাশের পাশাপাশি নিজেদের বক্তব্য তুলে ধরেন। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে জানানো হয় এই ৬ শিশু মৃত্যুর কারণ।
বিজ্ঞপ্তিতে বলা হয়- ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে দিবাগত রাত ২ টার দিকে হাসপাতালের দোতলায় পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ এর শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও একাধিক নবজাতক শিশুর মায়েরা বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন।
রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪ টার দিকে ১জন বাচ্চা অস্বাভাবিকভাবে কান্না করতে থাকলে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়।পর্যায়ক্রমে অন্য ৫ জন বাচ্চাকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউতে নিয়ে যাওয়া হয়।
সকাল ৬টার সময় প্রথম শিশুটি মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯ টার মধ্যে অন্য ৫ নবজাতক শিশু মারা যায়। এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা বাচ্চাসহ অবস্থান করেন এবং রাতের বেলা ৩ জন নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন।
‘এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দূর্ঘটনা কেন ঘটল সে বিষয়ে সরকারের সংশ্লিট বিভাগকে আদ্—দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন’, বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
আরও বলা হয়, ‘আদ্-দ্বীন কর্তৃপক্ষও অভ্যন্তরীণভাবে এ মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। ’
ভিওডি বাংলা/আরআর/এসআর







