চিত্রনায়িকা ববির বাড়িতে দুর্ধষ চুরি

রাজধানীর কাফরুলে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা, পূর্ব মনিপুরে নায়িকার স্থায়ী ঠিকানার বাসায় এ ঘটনা ঘটে।
কাফরুল থানার পরিদর্শক (তদন্ত) রুবেল মল্লিক বলেন, চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসায় চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা হয়েছে। আমরা তদন্ত করে ব্যাবস্থা নেবো।
জানা গেছে, নায়িকা ববি শুটিংয়ের কাজে ২৫ মে বাড়ি থেকে বের হন। এরপর মঙ্গলবার রাতে ববির গৃহপরিচারিকা লাকি মোবাইল ফোনে চুরির ঘটনা জানান।
এরপর ববি বাসায় এসে দেখতে পান তার বেডরুমের ৩টি আলমারির মধ্যে একটি আলমারি খোলা। তখন তিনি আরও ভালোভাবে খেয়াল করে দেখতে পান যে, বেডরুমের জানালা ও বারান্দার ২টি গ্রিল কাটা। এরপর তিনি গোটা ঘর খুঁজে দেখেন তার বাসায় চুরি হওয়া মালামালের তালিকায় রয়েছে, স্বর্ণের চুড়ি ৫ জোড়া মূল্য ৩০ লাখ টাকা, স্বর্ণের কানের দুল ৭ জোড়া মূল্য ১০ লাখ টাকা, স্বর্ণের নেকলেস ৩ টি মূল্য তিন লাখ টাকা, স্বর্ণের লকেট ৮টি মূল্য দুই লাখ টাকা, স্বর্ণের চেইন ১২টি মূল্য আনুমানিক ২৮ লাখ টাকা, ডায়মন্ডের নাকফুল ৭টি মূল্য দুই লাখ ৫০ হাজার টাকা, বিভিন্ন ব্র্যান্ডের হাতঘড়ি ৫টি বাজারমূল্য চার লাখ ২০ হাজার টাকা এবং নগদ ছয় লাখ টাকা। সবমিলিয়ে ৮৫ লাখ ৭০ হাজার টাকার চুরি হয়েছে।
এ বিষয়ে চিত্রনায়িকা ববি বলেল, আমার আম্মা হজে গিয়েছে। বোনরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। আমি গিয়েছিলাম শুটিংয়ে। খবর শুনে বাসায় এসে দেখি এই অবস্থা। চুরির ঘটনা জানার পরই আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই। তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ নেবেন।
ভিওডি বাংলা/এফএ







