• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জামায়াত-এনসিপির নেতারা কে কোথায় ঈদ করবেন

নিজস্ব প্রতিবেদক    ২৬ মে ২০২৬, ০৯:১৯ পি.এম.
ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় সরকার ৭ দিনের লম্বা ছুটি ঘোষণা করেছে।  ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত এবার সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। ঈদের এই লম্বা ছুটিতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অধিকাংশ নেতা নিজ নিজ এলাকাতে ছুটে যাবেন।

এবারের ঈদের ছুটিটা নেতাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সরকার ইতোমধ্যে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। নির্বাচন কমিশন সে অনুযায়ী তাদের প্রস্তুতি শুরু করেছে। অক্টোবরে নির্বাচন শুরু হলে হাতে সময় মাত্র তিন-চার মাস।

তাইতো স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঈদের ছুটিতে এ দুটি দলের সিনিয়র নেতারা নিজ নিজ এলাকায় জনসংযোগে ব্যস্ত সময় কাটাবেন। এর মাধ্যমে তারা নিজের এলাকার জনগণের সাথে যেমন ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন ঠিক তেমনি তারা মতবিনিময়, সভা-সমাবেশের মাধ্যমে নিজেদের দলকে আরও সংগঠিত করবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবার হজ পালন করছেন। আগামী ১ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। দেশে ফিরলে তিনি তার নির্বাচনি এলাকার (মিরপুর) জনগণের সাথে ঈদোত্তর শুভেচ্ছা বিনিময় করবেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবার ঈদ করবেন খুলনা জেলার ফুলতলা উপজেলার শিরোমণি গ্রামে। এটি তার নিজ গ্রাম। ঈদের আগের দিন তিনি ঢাকা থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। ঈদের দিন তিনি তার গ্রামের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় করবেন। পরদিন ফুলতলা ও খুলনায় কয়েকটি ঈদপুর্নমিলনী অনুষ্ঠানে যোগদানের কথা রয়েছে। তিনি যশোরেও ঈদপুর্নমিলনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন। 

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান এবার ঢাকাতে ঈদ উদযাপন করবেন। ঈদের পরদিন তিনি তার নির্বাচনী এলাকায় (রাজশাহী-১) যাবেন। তিনি এবার সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঈদের পর তিনি তার এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। 

আরেক নায়বে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিছুটা অসুস্থ থাকায় ঈদ ঢাকাতেই করবেন। এরপর তিনি ছুটে যাবেন এলাকায়। ঈদের পর কুমিল্লার চৌদ্দগ্রামের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তিনি ঈদ পরবর্তী প্রীতি সমাবেশ ও গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর সন্ধ্যায় সাবেক চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর দিন উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় এবং বিকালে দলীয় দায়িত্বশীলদের সঙ্গে বৈঠক করবেন। 

দলের নায়বে আমির এটিএম আজহারুল ইসলামও ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন। ঈদের পর দিন তার এলাকায় যাওয়ার কথা রয়েছে। তিনি এবার রংপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ঈদ করবেন তার নিজ এলাকা সিরাজগঞ্জে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সিরাজগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিনি ঈদের নামাজ আদায় করবেন। এরপর বিকালে তিনি এলাকার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরদিন তিনি সিরাজগঞ্জে বেশ কয়েকটি প্রীতি সম্মেলনে যোগ দেবেন। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবার ঈদ করবেন নিজ এলাকা সিলেটের মৌলভীবাজার জেলায় কুলাউড়া থানায়। ঈদের দিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ঈদের নামাজ আদায় করবেন তিনি। এরপর বিকালে যাবেন মৌলভী বাজারের কুলাউড়া থানায় নিজ গ্রামে। সেখানে তিনি এলাকার জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এলাকায় বেশ কয়েকটি প্রীতি সম্মেলনে তিনি যোগদান করবেন।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম নিজ সংসদীয় আসন রাজধানী ঢাকার বেরাইদ এলাকায় ঈদ করবেন। তিনি বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নিজ বাসায় কুরবানি আদায় করবেন। বিকালে তিনি এলাকার জনগণের সঙ্গে ঈদোত্তর কুশল বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি বাংলামটর দলীয় কার্যালয়ে গিয়ে ঢাকায় থাকা দলের নেতাকর্মীদের সাথেও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে পারেন। 

এনসিপির সদস্য সচিব আখতার হোসন এবার রংপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ঈদ করবেন তার সংসদীয় আসনের জনগণের সাথে।  আখতার হোসেন রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বরুয়াহাট রহমানিয়া ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন। এরপর এলাকার জনগণের সঙ্গে কুশল বিনিময় করবেন। 

ঢাকায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী। তিনি ঈদের দিন বিকাল থেকে ঢাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিরিময় করবেন।

দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বারের গোপালনগর কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন। তিনি এবার দেবিদ্বার এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এলাকার সাধারণ মানুষের কাছে তিনি খুবই জনপ্রিয়। ঈদের দিন বিকালে তিনি এলাকার সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তিনি তার নির্বাচনী এলাকায় বেশ কয়েকটি প্রীতি সম্মেলনে যোগদান করবেন। 

দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হান্নান মাসউদ নিজের সংসদীয় আসন নোয়াখালীর হাতিয়ায় ঈদ উদযাপন করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কনিষ্ঠ সদস্য হিসেবে হান্নান মাসউদ নির্বাচিত হয়েছেন। ঈদে তিনি এলাকায় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এছাড়া এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামন্থা শারমিন ও নারীশক্তির প্রধান মনিরা শারমিন ঢাকায় পরিবারের সঙ্গে ঈদ ও কুরবানি করবেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি
শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১৬ স্থানে খাদ্য-বস্ত্র বিতরণ করবে বিএনপি
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ
দক্ষিণের পথে যানজটহীন ঈদযাত্রা, বৃষ্টির বাগড়ায়ও ভেজেনি আনন্দ
সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল
সদরঘাটে এবার নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার পরিবেশ: নৌমন্ত্রী রবিউল