টপ নিউজ
দুমকিতে সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে সেতুমন্ত্রী
পটুয়াখালী প্রতিনিধি
১৯ মে ২০২৬, ০৭:৩৫ পি.এম.

ছবি: সংগৃহীত
দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনতে প্রস্তাবিত ‘৯ম চীন মৈত্রী বগা সেতু’ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে পটুয়াখালীর দুমকি এলাকায় সরেজমিন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম। এ সেতু বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও পর্যটনে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা সংশ্লিষ্টদের।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে পটুয়াখালীর লেবুখালী-বাউফল-গলাচিপা ও আমড়াগাছিয়া সড়কের (জেড-৮৮০৬) ১৪তম কিলোমিটারে লোহালিয়া নদীর ওপর প্রস্তাবিত সেতু এলাকা ঘুরে দেখেন মন্ত্রী। এ সময় সেতু বিভাগের কর্মকর্তারা প্রকল্পটির প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
সেতু বিভাগের তথ্য অনুযায়ী, লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন প্রস্তাবিত সেতুটির দৈর্ঘ্য হবে ১ দশমিক ৩৪৮ কিলোমিটার এবং প্রস্থ ১৫ দশমিক ০২ মিটার। মূল সেতুর পাশাপাশি আধুনিক অ্যাপ্রোচ সড়ক ও প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
পরিদর্শন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলাম বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশজুড়ে যে অভূতপূর্ব অবকাঠামোগত উন্নয়ন চলছে, এটি তারই অংশ। দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবির পাশাপাশি শিশু আবিরার ‘বগা সেতু চাই’ ভিডিও বার্তাটি আমাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। সম্ভাব্যতা যাচাইয়ের প্রক্রিয়া শেষেই দ্রুত এই মেগা প্রকল্পের বাস্তব কাজ শুরু করা হবে।”
তিনি আরও বলেন, এই সেতু চালু হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার বাড়বে, স্থানীয় কৃষিপণ্য পরিবহন সহজ হবে এবং দক্ষিণাঞ্চলের পর্যটন শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ত্রীর সফরকে ঘিরে বগাপ্রান্তে উপজেলা বিএনপির একটি পক্ষ অবস্থান নিলেও নিরাপত্তার কারণে সেখানে মন্ত্রীর গাড়িবহর থামেনি। পরে তিনি চরগরবদি ইসলামি দাখিল মাদ্রাসা মাঠে লোহালিয়া নদীর ওপর নির্মাণাধীন সেতুর অ্যাপ্রোচ সড়কের নিকট আয়োজিত সমাবেশে অংশ নেন।
এ সময় ব্যানার ও দাওয়াতকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের একাংশের মধ্যে কিছু অসন্তোষ দেখা দেয়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরিদর্শন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সংসদ সদস্য পটুয়াখালী-১ ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ড. সফিকুল ইসলাম মাসুদ, সংসদ সদস্য পটুয়াখালী-২ (বাউফল), সেতু বিভাগের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও রাজনৈতিক নেতারা।
ভিওডি বাংলা/এমএস







