এবার হজের খুতবা দেবেন শেখ আলি আল হুজাইফি

পবিত্র হজ উপলক্ষে চলতি বছর ১৪৪৭ হিজরিতে আরাফাতের ময়দানে হজের খুতবা প্রদান করবেন মদিনা মুনাওয়ারার প্রখ্যাত ইমাম ও খতিব শেখ আলি বিন আবদুর রহমান আল হুজাইফি।
মঙ্গলবার (২৬ মে) হজের দিন আরাফাতের ময়দানে পশ্চিম সীমান্তে অবস্থিত ঐতিহাসিক মসজিদ আল নামিরায় হজের খুতবা প্রদান করবেন এবং জোহর ও আসরের নামাজে ইমামতি করবেন।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের নির্দেশনায় এ দায়িত্ব অর্পণ করা হয়েছে বলে জানিয়েছে মক্কার গ্র্যান্ড মসজিদ ও মদিনার মসজিদে নববির কর্তৃপক্ষ।
হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা হলো আরাফাতের ময়দানে অবস্থান। ইসলামী বর্ষপঞ্জির জিলহজ মাসের ৯ তারিখ ‘ইয়াওমে আরাফা’ বা আরাফা দিবস হিসেবে পরিচিত। এদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির উপস্থিতিতে আরাফাতের ময়দান পরিণত হয় মুসলিম উম্মাহর এক মহাসম্মিলনে।
প্রতি বছরের মতো এবারও আরাফাতের খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করবে সৌদি সরকার, যাতে বিশ্বের নানা প্রান্তের মুসলমানরা খুতবার বার্তা সহজে উপলব্ধি করতে পারেন।
ভিওডি বাংলা/বিন্দু







