অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ফিরলেন ‘পোস্টার বয়’ নেইমার

ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
সোমবার (১৮ মে) রিও ডি জেনিরোর ঐতিহাসিক 'মিউজিয়াম অব টুমরো'-তে এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের এই স্কোয়াড প্রকাশ করেন দলটির প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
এবারের দল ঘোষণার সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। দীর্ঘ আড়াই বছর (২০২৩ সালের পর) জাতীয় দলের বাইরে থাকার পর আবারও ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে ফিরছেন এই তারকা ফরোয়ার্ড। অভিজ্ঞ ও তরুণ প্রতিভার এক দারুণ মিশ্রণে গড়া হয়েছে এই স্কোয়াড। তবে দল গঠনে বড় ধাক্কা হয়ে এসেছে তারকা ফরোয়ার্ড রদ্রিগোর অনুপস্থিতি, যা ফুটবল মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২০২৩ সালের পর এই প্রথম জাতীয় দলে ডাক পেলেন সান্তোসে খেলা নেইমার। তার এই ফেরা সেলেসাও শিবিরে বাড়তি উদ্দীপনা জোগাবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। আক্রমণভাগে নেইমারের সঙ্গী হিসেবে থাকছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র, বার্সেলোনার রাফিনিয়া এবং লিওঁতে খেলা তরুণ তুর্কি এন্ড্রিক। তবে সবাইকে চমকে দিয়ে স্কোয়াড থেকে বাদ পড়েছেন রদ্রিগো।
কোচ আনচেলত্তির অধীনে একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য রেকর্ডধারী ব্রাজিল এবার ষষ্ঠ শিরোপা (হেক্সা) জয়ের মিশন নিয়ে মাঠে নামবে।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বসবে বিশ্বকাপের এই আসর। এবার 'গ্রুপ সি'-তে খেলবে ব্রাজিল। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের বিশ্বজয়ের অভিযান।
গ্রুপ পর্বে ব্রাজিলের ম্যাচের সময়সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
১৩ জুন, ২০২৬: ব্রাজিল বনাম মরক্কো (মেটলাইফ স্টেডিয়াম)
১৯ জুন, ২০২৬: ব্রাজিল বনাম হাইতি (লিনকন ফাইন্যান্সিয়াল ফিল্ড)
২৪ জুন, ২০২৬: স্কটল্যান্ড বনাম ব্রাজিল (হার্ড রক স্টেডিয়াম)
এক নজরে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডারসন (ফেনারবাহচে), ওয়েভার্টন (গ্রেমিও)।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, লিও পেরেইরা (ফ্লামেঙ্গো), ব্রেমার (জুভেন্টাস), ইবানেজ (আল-আহলি), ওয়েসলি (রোমা), মারকুইনহোস (প্যারিস সেন্ট-জার্মেইন), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), ডগলাস সান্তোস (জেনিট সেন্ট পিটার্সবার্গ)।
মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), দানিলো সান্তোস (বোটাফোগো), ফাবিনিও (আল-ইত্তিহাদ), লুকাস পাকেতা (ফ্লামেঙ্গো)।
ফরোয়ার্ড: এন্ড্রিক (লিয়ঁ), গ্যাব্রিয়েল মার্টিনেলি (আর্সেনাল), ইগর থিয়াগো (ব্রেন্টফোর্ড), মাতেউস কুনিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), রাফিনিয়া (বার্সেলোনা), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), লুইজ হেনরিক (জেনিট সেন্ট পিটার্সবার্গ), নেইমার (সান্তোস), রায়ান (বোর্নমাউথ)।
ভিওডি বাংলা/এফএ








মন্তব্য