• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক    ১৯ মে ২০২৬, ০৯:৩৫ এ.এম.
ছবি : সংগৃহীত

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ভারতের জ্বালানি খাতে। এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো দেশটিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে তেল বিপণন সংস্থাগুলো। এর আগে গত ১৫ মে প্রতি লিটারে ৩ রুপি করে মূল্য বৃদ্ধি করা হয়েছিল।

মঙ্গলবার (১৯ মে) নতুন করে প্রতি লিটার পেট্রোলে সর্বোচ্চ ৮৭ পয়সা এবং ডিজেলে ৯১ পয়সা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

নতুন সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর ভারতের রাজধানী দিল্লিতে প্রতি লিটার পেট্রোলের দাম দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৬৪ রুপি। একই সঙ্গে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯১ দশমিক ৫৮ রুপি। কয়েকদিন আগেও দিল্লিতে পেট্রোলের দাম ছিল ৯৪ দশমিক ৭৭ রুপি এবং ডিজেল বিক্রি হচ্ছিল ৮৭ দশমিক ৬৭ রুপিতে।

শুধু দিল্লিই নয়, দেশের অন্যান্য বড় শহরেও বেড়েছে জ্বালানি তেলের দাম। মুম্বাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ৯১ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১০৭ দশমিক ৫৯ রুপি। একই শহরে ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে হয়েছে ৯৪ দশমিক ৮ রুপি।

কলকাতায় বর্তমানে পেট্রোলের দাম দেশের বড় শহরগুলোর মধ্যে সবচেয়ে বেশি। সেখানে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ১০৯ দশমিক ৭০ রুপিতে। একই সঙ্গে ডিজেলের দাম ৯৪ পয়সা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ৯৬ দশমিক ৭ রুপি।

অন্যদিকে চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪ দশমিক ৪৯ রুপি। সেখানে ডিজেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ দশমিক ১১ রুপি প্রতি লিটার।

জ্বালানি বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ধারাবাহিকভাবে বাড়ছে। ফলে ভারতীয় তেল বিপণন কোম্পানিগুলোর আমদানি ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, গত প্রায় ১০ সপ্তাহ ধরে পুরোনো দামে জ্বালানি বিক্রি করছিল দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলো। কিন্তু আন্তর্জাতিক বাজারে ক্রয়মূল্য বেড়ে যাওয়ায় তাদের লোকসানের পরিমাণও বাড়তে থাকে। সেই চাপ সামাল দিতেই ধাপে ধাপে খুচরা পর্যায়ে মূল্য সমন্বয়ের পথে হাঁটছে সংস্থাগুলো।

জ্বালানি তেলের নতুন মূল্যবৃদ্ধির কারণে সবচেয়ে বেশি চাপে পড়তে পারেন সাধারণ ভোক্তারা। বিশেষ করে পরিবহন খাত, ছোট ব্যবসায়ী, গণপরিবহন ব্যবহারকারী এবং ব্যক্তিগত গাড়িচালকদের ব্যয় বাড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

বিশ্লেষকদের আশঙ্কা, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম যদি আরও বাড়তে থাকে, তাহলে ভারতের বাজারে আবারও জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি পেয়ে সামগ্রিক মূল্যস্ফীতির চাপ আরও তীব্র হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হরমুজ পরিচালনায় নতুন সংস্থা গঠন করল ইরান
হরমুজ পরিচালনায় নতুন সংস্থা গঠন করল ইরান
বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা
কঙ্গোয় ইবোলা প্রাদুর্ভাব বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা ঘোষণা
গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের হামলা
গাজাগামী ত্রাণবহরে ইসরাইলের হামলা