তুরস্কে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

তুরস্কে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।
স্থানীয় সময় সোমবার (১৮ মে) দেশটির দক্ষিণাঞ্চলীয় মেরসিন শহরে এ ঘটনা ঘটে। তুরস্কের সংবাদ সংস্থা ডিএইচএ ও ইহলাস নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
ডিএইচএ জানায়, হামলাকারী প্রথমে একটি রেস্তোরাঁর ভেতরে ঢুকে অন্তত দুজনকে গুলি করে হত্যা করে। এরপর সে গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় অন্য আরেকটি স্থানে আরও দুজনকে গুলি করে হত্যা করে।
প্রতিবেদনে বলা হয়, মেরসিন শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে তারসুস এলাকার উত্তর দিকে এ ঘটনা ঘটে। হামলার পরপরই বন্দুকধারীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। পলাতক শুটারকে খুঁজে বের করতে স্থলবাহিনীর পাশাপাশি আকাশে হেলিকপ্টার নিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারী একজন ১৭ বছর বয়সী কিশোর। হামলার সময় তার হাতে একটি শটগান ছিল। তবে কী কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো স্পষ্ট নয়।
তুরস্কে কিশোরদের জড়িয়ে সহিংসতার ঘটনা এটাই প্রথম নয়। এক মাস আগেও দেশটিতে দুই কিশোরের পৃথক দুটি বন্দুক হামলার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।
ভিওডি বাংলা/এফএ







