• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদুল আজহা

ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক    ১৮ মে ২০২৬, ০৫:০৭ পি.এম.
ছবি : সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, রাষ্ট্র ও শহর আমাদের সবার। এই শহর ও রাষ্ট্রকে সুন্দর ও সচল রাখতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চাঁদাবাজ, ছিনতাইকারী ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, নৌপথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। ঈদের এই সময়ে সড়ক খোঁড়াখুঁড়ি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি, সরকারের সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে ঈদ যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য দায়িত্ব পালনের অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা ও সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সমন্বয় সভার শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর সভায় উপস্থিত বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং তাদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমন্বয় সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় আলাদা আইন করার আহ্বান
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় আলাদা আইন করার আহ্বান
সমাজকে সুস্থ রাখতে নৃত্যকলা অত্যন্ত জরুরি: আবদুস সালাম
সমাজকে সুস্থ রাখতে নৃত্যকলা অত্যন্ত জরুরি: আবদুস সালাম
মা ও শিশু সহায়তা কর্মসূচির নির্দেশিকা নিয়ে ডিএসসিসির অবহিতকরণ সভা
মা ও শিশু সহায়তা কর্মসূচির নির্দেশিকা নিয়ে ডিএসসিসির অবহিতকরণ সভা