খিলগাঁওয়ে বহুতল ভবন থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

রাজধানীর খিলগাঁওয়ে একটি বহুতল ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে এলাকাটির একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাবিবুর রহমান ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার বীর আহমদপুর গ্রামের বাসিন্দা। তিনি মতিউর রহমানের ছেলে এবং দীর্ঘদিন ধরে ওই ভবনে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ভবনের মালিক আবু তাহের জানান, রাতের দিকে হাবিবুর ভবনের ছয়তলার ছাদে যান। কিছুক্ষণ পর হঠাৎ বিকট শব্দ শুনে বাসার লোকজন বাইরে বের হয়ে দেখেন, ভবনের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কীভাবে হাবিবুর ছাদ থেকে পড়ে গেলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। অসাবধানতাবশত দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে-সেটি তদন্তের পর জানা যাবে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।
ভিওডি বাংলা/জা







