সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের তারিখ জানা যাবে সন্ধ্যায়

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ রোববার (১৭ মে) সন্ধ্যায় নির্ধারণ হতে পারে। ১৪৪৭ হিজরির জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করছে মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসবের দিনক্ষণ।
সৌদি আরবের সর্বোচ্চ আদালত ইতোমধ্যে দেশটির নাগরিকদের রোববার সন্ধ্যায় আকাশে জিলহজ মাসের চাঁদ খোঁজার আহ্বান জানিয়েছে। আদালত জানিয়েছে, কেউ চাঁদের দেখা পেলে তা সংশ্লিষ্ট চাঁদ দেখা কমিটিকে অবহিত করতে হবে।
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ঘোষণায় বলা হয়েছে, রোববার দেশটিতে ২৯ জিলকদ পালিত হচ্ছে। এদিন সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে ক্ষেত্রে আগামী ২৭ মে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তবে চাঁদ দেখা না গেলে জিলকদ মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং ঈদ একদিন পিছিয়ে ২৮ মে অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অধিকাংশ অঞ্চলে রোববার নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে। অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ এলাকায় খালি চোখেই চাঁদ দেখা সম্ভব হতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী সোমবার থেকে জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনাই বেশি। সেই হিসাবে আগামী ২৭ মে সৌদি আরবসহ বিশ্বের বহু দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের ফতোয়া কাউন্সিলও একই ঘোষণা দিয়ে জানিয়েছিল, রোববার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জিলহজের চাঁদ পর্যবেক্ষণ করা হবে।
ইসলামি ক্যালেন্ডারে জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ মাসেই মুসলমানরা পবিত্র হজ পালন করেন। জিলহজের ৯ তারিখ পালিত হয় আরাফাত দিবস এবং ১০ জিলহজ উদযাপিত হয় ঈদুল আজহার প্রথম দিন।
ঈদুল আজহার তারিখ ঘোষণা তিউনিসিয়া-তুরস্কের
ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দুটি দেশই নিশ্চিত করেছে আগামী ২৭ মে তাদের এখানে ঈদুল আজহা পালিত হবে।
দেশগুলো জানিয়েছে, কাল সোমবার হবে আরবি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের ১ তারিখ। যেহেতু জিলহজের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয় তাই দেশ দুটিতে এবার এই উৎসব হবে ২৭ মে।
ভিওডি বাংলা/জা







