থিম পার্ক বানাবে ইসরায়েল, নিজেদের ঘর ভাঙতে বাধ্য ফিলিস্তিনিরা

জেরুজালেমের পূর্বাঞ্চলের সিলওয়ান এলাকার আল বুস্তান মহল্লায় চরম মানবিক সংকট তৈরি হয়েছে। সেখানে ইসরায়েলি কর্তৃপক্ষের পরিকল্পিত ‘কিংস গার্ডেন’ থিম পার্ক প্রকল্পের কারণে নিজেদের বাড়ি নিজেরাই ভাঙতে বাধ্য হচ্ছেন ফিলিস্তিনিরা।
শনিবার (১৬ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহ ধরে জেরুজালেমজুড়ে বুলডোজার ও জ্যাকহ্যামারের শব্দ শোনা গেলেও এখন পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে সরকারি কর্মীদের পাশাপাশি বাসিন্দারাও নিজেদের ঘর ভাঙতে বাধ্য হচ্ছেন।
আল বুস্তান এলাকার বাসিন্দা জালাল আল তাওয়িল জানান, তার পরিবারের বহু প্রজন্মের স্মৃতিবিজড়িত বাড়িটি তাকে নিজ হাতে ভেঙে ফেলতে হয়েছে।
জেরুজালেম পৌরসভা তাকে জানায়, কর্তৃপক্ষ বাড়িটি ভাঙলে খরচ বাবদ ২ লাখ ৮০ হাজার শেকেল পরিশোধ করতে হবে। এই বিপুল ব্যয় এড়াতে তিনি নিজেই শ্রমিক ও যন্ত্র ভাড়া করে বাড়িটি ভেঙে ফেলেন।
তাওয়িলের ভাষায়, ‘এটা আত্মহত্যা আর খুন হওয়ার মধ্যে একটি বেছে নেওয়ার মতো।’
গত দুই বছরে আল বুস্তান এলাকায় অন্তত ৫৭টি বাড়ি ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে। আরও অন্তত ৮টি বাড়ি ভাঙার তালিকায় রয়েছে। এসব জায়গায় নির্মাণের পরিকল্পনা রয়েছে ‘কিংস গার্ডেন’ থিম পার্কের।
ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, প্রায় তিন হাজার বছর আগে বাইবেলের রাজা সলোমন এই এলাকায় অবকাশ যাপন করতেন—এই ইতিহাসের ভিত্তিতেই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে।
২০০৭ সাল থেকেই ‘কিংস গার্ডেন’ প্রকল্পটি আটকে ছিল। আন্তর্জাতিক চাপ ও ফিলিস্তিনিদের প্রতিরোধের কারণে দীর্ঘ সময় এটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে স্থানীয়দের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা, গাজা যুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়।
ভিওডি বাংলা/এমএস







