থাইল্যান্ডে বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ৮

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ট্রেনের সঙ্গে সংঘর্ষের পর একটি বাসে আগুন লেগে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন।
শনিবার (১৬ মে) স্থানীয় উদ্ধারকর্মী ও পুলিশ কর্মকর্তারা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনায় একটি ট্রেন, একটি বাস, কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল জড়িত ছিল। সংঘর্ষের পর বাসটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আশপাশের একাধিক যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধ্বংসস্তূপের মধ্যে থেকে আহতদের উদ্ধার করা হয়, পাশাপাশি দমকলকর্মীরা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান।
কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখন এলাকাটি ঠান্ডা করা, গ্যাস নির্গমন এবং সম্ভাব্য আরও হতাহতদের সন্ধানে তল্লাশি চলছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ভিওডি বাংলা/এমএস







