‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: মুখ্যমন্ত্রী শুভেন্দু

নারী ও শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্তদের মধ্যে যারা এখনো বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার (১৬ মে) দক্ষিণ ২৪ পরগনায় আয়োজিত এক কর্মিসভায় এ মন্তব্য করেন তিনি।
এর আগে একই দিনে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে অংশ নেন শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের শীর্ষ পর্যায়ের পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত হন। সেখান থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের বার্তা দেন তিনি।
বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে গঠিত পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, বোর্ডটি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের শাখা সংগঠনের মতো কাজ করছিল। একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুরকারীদের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা করার নির্দেশও দেন তিনি।
পরে ফলতায় অনুষ্ঠিত কর্মিসভায় শুভেন্দু অধিকারী বলেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সংঘটিত সহিংসতায় জড়িত না থাকলে ঘরছাড়া তৃণমূল নেতাকর্মীদের বাড়ি ফিরতে সহযোগিতা করবে স্থানীয় বিজেপি বিধায়ক ও পুলিশ প্রশাসন। তবে যারা সহিংসতার ঘটনায় জড়িত ছিল, তাদের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও স্পষ্ট জানান তিনি।
এসময় তিনি আরও বলেন, “এখনো যারা বাংলাদেশের জয় বাংলা স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড় দেওয়া হবেনা।”
ভিওডি বাংলা/এমএস







