জলাবদ্ধতা নিরসনে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী অমিত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার বাস্তবমুখী ও টেকসই পরিকল্পনা গ্রহণ করেছে। ভবদহ শুধু একটি এলাকার সমস্যা নয়, এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতির সঙ্গে জড়িত একটি বড় সংকট। সরকার জনগণের মতামত নিয়ে স্থায়ী সমাধানের পথে এগোচ্ছে।
যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে শনিবার (১৭ মে) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আয়োজিত ‘ভবদহ এলাকার নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও শিবসা-পশুর নদী অববাহিকার পলি ব্যবস্থাপনা পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, অতীতে নানা উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবে সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। এবার বিজ্ঞানভিত্তিক সমীক্ষা, নদী ব্যবস্থাপনা এবং স্থানীয় মানুষের অংশগ্রহণের মাধ্যমে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নদীকে বাঁচাতে হলে প্রাকৃতিক প্রবাহ সচল রাখতে হবে এবং পরিকল্পিতভাবে টিআরএমসহ প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে কৃষি, পরিবেশ ও মানুষের জীবনযাত্রার ভারসাম্য রক্ষার দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এতে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রছুল, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদ এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক রুহুল আমিন।
ভিওডি বাংলা/এসআর







