চেলসিকে হারিয়ে এফএ কাপ জিতল সিটি

আন্তোয়ান সেমেনিওর দুর্দান্ত গোলে চেলসিকে হারিয়ে এফএ কাপের শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। এর মাধ্যমে চলতি মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্নও বাঁচিয়ে রাখল পেপ গার্দিওলার দল।
শনিবার (১৬ মে) ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চেলসিকে ১-০ গোলে হারায় সিটি। ম্যাচের একমাত্র গোলটি আসে দ্বিতীয়ার্ধে সেমেনিওর পা থেকে।
প্রথমার্ধে দুই দলের খেলায় তেমন গতি বা রোমাঞ্চ ছিল না। চেলসি রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকে, আর সিটিও নিজেদের স্বাভাবিক ছন্দে দেখা যায়নি। ফলে মাঠের খেলায় একঘেয়েমি ছিল স্পষ্ট।
তবে এর মাঝেই গোলের দেখা পেয়েছিলেন আর্লিং হলান্ড। কিন্তু বিল্ডআপে মাথেউস নুনেস অফসাইড থাকায় গোলটি বাতিল করেন রেফারি। বিরতির ঠিক আগে মার্ক গুয়েহির পাস থেকে সুযোগ পেয়েও গোল করতে পারেননি হলান্ড। তার শট সহজেই আটকে দেন চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজ।

দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ে। শুরুতেই গোলের সহজ সুযোগ নষ্ট করেন সেমেনিও। নিকো ও’রাইলির ক্রস থেকে ফাঁকায় বল পেয়েও হেডটি গোলবারের ওপর দিয়ে মারেন তিনি।
চেলসিও পাল্টা আক্রমণে চাপ তৈরি করেছিল। ময়জেস কাইসেদোর একটি হেড গোললাইন অতিক্রম করার আগমুহূর্তে হেড করে বিপদমুক্ত করেন রদ্রি।
ম্যাচের ৭২ মিনিটে আসে নির্ধারণী মুহূর্ত। হলান্ড ও বার্নার্দো সিলভার দারুণ সমন্বয় থেকে বল পেয়ে চমৎকার ফ্লিকে গোল করেন আন্তোয়ান সেমেনিও। তাতেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি।
গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় চেলসি। এনজো ফার্নান্দেজ দারুণ একটি সুযোগ পেলেও তার ভলি অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শেষদিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। তবে মাথেউস নুনেস ও রায়ান চেরকির দুটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন সানচেজ।
শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এটি ক্লাবটির অষ্টম এফএ কাপ শিরোপা এবং পেপ গার্দিওলার অধীনে ২০তম ট্রফি।
ভিওডি বাংলা/আ







