• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

লিটনের দুর্দান্ত সেঞ্চুরি, ২৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ১৬ মে ২০২৬, ০৫:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

চাপের মধ্যেও লিটন দাসের অসাধারণ সেঞ্চুরি ইনিংস ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। তবে শেষ পর্যন্ত ব্যাটিং ধস সামলাতে না পেরে ২৭৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (১৬ মে) টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।

ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় বলেই আঘাত হানেন মোহাম্মদ আব্বাস। তার বলে ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন মাহমুদুল হাসান জয়, কোনো রান না করেই ফেরেন তিনি।

অভিষেক টেস্ট খেলতে নামা তানজিদ হাসান তামিম শুরুটা আত্মবিশ্বাসী ভঙ্গিতে করলেও বড় ইনিংস খেলতে পারেননি। মোহাম্মদ আব্বাসের বলে টপ এজ হয়ে নিজেই ক্যাচ তুলে দেন তিনি। ৩৪ বলে ৩টি চারসহ ২৬ রান করে আউট হন তানজিদ। দলীয় ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এরপর ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন মুমিনুল হক। আগের টেস্টে টানা দুটি ফিফটি করা এই ব্যাটার ৪১ বলে ৩ চারসহ ২২ রান করেন। তবে খুররম শেহজাদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন তিনি। ৬৩ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

লাঞ্চ বিরতিতে বাংলাদেশ যায় ৩ উইকেটে ১০১ রান নিয়ে।

বিরতির পর দ্রুতই আবারও বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মোহাম্মদ আব্বাস ও খুররম শেহজাদের তোপে একে একে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ।

শান্ত (২৯) আব্বাসের সুইংয়ে ব্যাট ছুঁইয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন। মুশফিকুর রহিমকে (২৩) এলবিডব্লিউ করেন খুররম শেহজাদ। আর মিরাজ (৪) ডিপ ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হন।

মাত্র ১১৬ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। সেখান থেকে লড়াইয়ে ফেরানোর দায়িত্ব নেন লিটন দাস। তিনি তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ১১৪ বলে ৬০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন।

তবে পাকিস্তানি অফস্পিনার সাজিদ খানের বলে বোল্ড হয়ে তাইজুল (১৬) ফিরে গেলে সেই জুটি ভেঙে যায়। তখন বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৭৬ রানে ৭ উইকেট।

এরপর ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত লিটন দাস ১২৬ রান করে হাসানের বলে আউট হন। তার আগে তিনি দলকে বড় ধসে পড়া থেকে সামান্য স্বস্তির অবস্থানে নিয়ে আসেন।

লিটনের বিদায়ের মাত্র তিন বল পরই শেষ ব্যাটসম্যান হিসেবে নাহিদ রানা আউট হলে ৭৭ ওভারে ২৭৮ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’
প্রকাশ পেল বিশ্বকাপের থিম সং ‘ডাই ডাই’
তারকা সমৃদ্ধ ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
তারকা সমৃদ্ধ ফ্রান্সের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল জাপান
বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করল জাপান