মেগা টি-১০ টুর্নামেন্ট
তরুণদের ক্রীড়ামুখী করতে আরাফাত রহমান কোকো যুব সংসদের উদ্যোগ

রাজধানীর শ্যামলীতে তরুণদের খেলাধুলামুখী করতে আরাফাত রহমান কোকো যুব ও ক্রীড়া সংসদের আয়োজনে আরাফাত রহমান কোকো মেগা টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে।
শনিবার (১৬ মে) দুপুরে শ্যামলীর ক্লাব মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রফিকুল ইসলাম বাবু। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক ও আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন।
উদ্বোধনের শুরুতে আরাফাত রহমান কোকোর মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং উদ্বোধনী ম্যাচের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন। এ সময় মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিসিবি পরিচালক রফিকুল ইসলাম বাবু বলেন, তরুণ সমাজকে সঠিক পথে আনতে খেলাধুলার বিকল্প নেই। আজকে মোবাইল ও মাদক সমাজকে নষ্ট করে দিচ্ছে। আমরা চাই তরুণরা এসব থেকে দূরে থেকে খেলাধুলাকে প্রাধান্য দিক।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী মোহাম্মদ ইউসুফ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আরাফাত রহমান কোকোর হাত ধরে দেশের ক্রীড়াঙ্গন আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করেছিল। বিগত সরকার ক্রীড়াঙ্গনকে দলীয়করণ করে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন আবার ঘুরে দাঁড়াচ্ছে।
আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হাসান জীবন বলেন, মোহাম্মদপুর এলাকা একটি রেডজোনে পরিণত হয়েছে। সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের বিস্তার ঘটেছে। ইনশাল্লাহ খেলাধুলার মাধ্যমে এসব থেকে তরুণদের ফিরিয়ে আনা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন আহমেদ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলামুখী করা এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি করতেই এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে।
উদ্বোধনের পরপরই মাঠে গড়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচ। উদ্বোধনী খেলায় অংশ নেয় কমফিট বাংলাদেশ ও আদাবর সুপার কিংস।অংশগ্রহণকারী দলগুলোর প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট।
ভিওডি বাংলা/এম আই/এফএ







