বেলজিয়ামের বিশ্বকাপ দলে মৌসুমে এক গোল করা লুকাকু

ফিফা বিশ্বকাপ সামনে রেখে দল ঘোষণা শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। শুক্রবার ২৬ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে বেলজিয়াম। ইনজুরির কারণে পুরো মৌসুমে খুব কম খেললেও দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু।
চলতি মৌসুমে নাপোলির হয়ে কোনো ম্যাচেই শুরুর একাদশে ছিলেন না লুকাকু। সাত ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমে করেছেন একটি গোল। ফেব্রুয়ারিতে ভেরোনার বিপক্ষে সেই গোলের পর হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে গত দুই মাস ধরে বেলজিয়ামে পুনর্বাসনে ছিলেন তিনি।
তবুও দেশের সর্বোচ্চ গোলদাতাকে বিশ্বকাপ দলে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছেন কোচ রুডি গার্সিয়া। ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম এবার ‘জি’ গ্রুপে খেলবে মিশর, ইরান ও নিউজিল্যান্ডের বিপক্ষে।
লুকাকু সর্বশেষ বেলজিয়ামের হয়ে খেলেছিলেন ওয়েলসের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে। সেই ম্যাচে ৪-৩ গোলে জয় পেয়েছিল বেলজিয়াম। জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে তার গোল ৮৯টি।
লুকাকুর বিকল্প হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন তরুণ আক্রমণভাগের খেলোয়াড় মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো।
বেলজিয়ামের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), সেনে ল্যামেন্স (ম্যানচেস্টার ইউনাইটেড), মাইক পেন্ডার্স (রেসিং স্ট্রাসবার্গ)
ডিফেন্ডার: টিমোথি কাস্তাগনে (ফুলহ্যাম), জেনো ডেবাস্ট (স্পোর্টিং লিসবন), ম্যাক্সিম ডি কুইপার (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন), কোনি ডি উইন্টার (এসি মিলান), ব্র্যান্ডন মেচেলে (ক্লাব ব্রুগ), থমাস মুনিয়ার (লিল), নাথান এনগোয় (লিল), জোয়াকিন সেস (ক্লাব ব্রুগ), আর্থার থিয়েট (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট)।
মিডফিল্ডার: কেভিন ডি ব্রুইনা (নাপোলি), আমাদু ওনানা (অ্যাস্টন ভিলা), নিকোলাস রাস্কিন (রেঞ্জার্স), ইউরি টিলেম্যানস (অ্যাস্টন ভিলা), হ্যান্স ভানাকেন (ক্লাব ব্রুগ), অ্যাক্সেল উইটসেল (জিরোনা)।
ফরোয়ার্ড: চার্লস ডি কেটেলার (আটালান্টা), জেরেমি ডোকু (ম্যানচেস্টার সিটি), মাতিয়াস ফার্নান্দেজ-পার্দো (লিল), রোমেলু লুকাকু (নাপোলি), ডোডি লুকেবাকিও (বেনফিকা), দিয়েগো মোরেরা (রেসিং স্ট্রাসবার্গ), অ্যালেক্সিস সায়েলেমেকার্স (এসি মিলান), লিয়ান্দ্রো ট্রোসার্ড (আর্সেনাল)।
ভিওডি বাংলা/আ







