• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির-সাপ ছাড়ার প্রস্তাব, দ্বিধায় বিএসএফ

আন্তর্জাতিক ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তের যেসব অংশে এখনো কাঁটাতারের বেড়া নেই, সেসব নদীপথে কুমির ও সাপ ছাড়ার প্রস্তাব দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এমন ব্যতিক্রমী প্রস্তাব ঘিরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ভেতরেই দেখা দিয়েছে মতভেদ। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বিএসএফের সাবেক মহাপরিচালক ও পদ্মশ্রী পদকপ্রাপ্ত প্রকাশ সিং এই পরিকল্পনাকে ‘নির্বোধ’ ধারণা বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এমন পদক্ষেপ সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে। প্রশ্ন তুলে তিনি বলেন, “কুমির আর সাপ কীভাবে বুঝবে কারা বাংলাদেশি আর কারা ভারতীয়। কে এমন প্রস্তাব দিয়েছে আমি জানি না, এটি নির্বোধ একটি আইডিয়া।”

বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার অভিযোগ করে, রাজ্য সরকারের উদাসীনতার কারণে বহু বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেন। নির্বাচনের আগে বিষয়টি নিয়ে রাজনৈতিক আলোচনা জোরালো হয়। সেই সময়ই বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন অস্বাভাবিক প্রস্তাব তোলে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিএসএফের এক ঊর্ধ্বতন সূত্র টেলিগ্রাফকে জানিয়েছে, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রস্তাব পাঠানো হয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা যেতে পারে, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশও দেওয়া হয়েছে বিএসএফকে।

বাহিনীটির আরেক কর্মকর্তা বলেন, “নদী তীরবর্তী ও অন্যান্য দুর্গম জলাভূমিতে বিষধর এসব প্রাণী ছাড়া নিয়ে বিএসএফও দ্বিধাবিভক্ত। কিছু কর্মকর্তা এটির বিরোধীতা জানিয়েছেন। কারণ এটি সীমান্তবর্তী মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। বিশেষ করে বন্যার সময়। আগামী সপ্তাহে এ ইস্যু নিয়ে আরেকটি বৈঠক ডাকা হয়েছে।”

ভারত ও বাংলাদেশের মধ্যকার সীমান্তের মোট দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, যেসব দুর্গম এলাকা—বিশেষ করে নদীতীরবর্তী অঞ্চল—যেখানে বিএসএফ সদস্যদের যাতায়াত কঠিন, সেখানে এই পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে। তার দাবি, দুই দেশের মধ্যে ১৭৫ কিলোমিটার সীমান্ত এলাকা নদী ও দুর্গম অঞ্চলের অন্তর্ভুক্ত।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

ভিওডি বাংলা/এমএস

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেয়াদ বাড়ল যুদ্ধবিরতির
মেয়াদ বাড়ল যুদ্ধবিরতির
লেবাননে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক নিহত
লেবাননে ইসরাইলি বিমান হামলায় সাংবাদিক নিহত
ইরানকে যুদ্ধবিরতির কোনো সময়সীমা দেননি ট্রাম্প
ইরানকে যুদ্ধবিরতির কোনো সময়সীমা দেননি ট্রাম্প