• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বরাদ্দে বৈষম্যের অভিযোগ বিরোধী দলের

নিজস্ব প্রতিবেদক    ৮ জুন ২০২৬, ০৯:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

ত্রাণ বরাদ্দে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে বৈষম্যের অভিযোগকে ঘিরে উত্তপ্ত আলোচনা হয়েছে জাতীয় সংসদে। তবে এসব অভিযোগ নাকচ করে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেছেন, ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং চাহিদা ও প্রয়োজনের ভিত্তিতেই দেওয়া হয়।

সোমবার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত এমপি আখতার হোসেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব পরিচালিত হয়।

আখতার হোসেন অভিযোগ করেন, গত ৩০ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ৮৫ লাখ টাকা এবং ৯০ টন চাল-গমের বরাদ্দ শুধু সরকারি দলের সংসদ সদস্যদের আসনেই দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দুর্যোগ কিন্তু সরকারি দল, বিরোধী দল দেখে আসে না। জনগণের ট্যাক্সের টাকায় এই বরাদ্দ দেওয়া হয়।’

এর জবাবে মন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির আওতায় দুর্যোগকালীন সময়ে জেলা প্রশাসকদের মাধ্যমে জিআর ক্যাশ ও জিআর রাইস বরাদ্দ দেওয়া হয়। তিনি বলেন, টিআর ও কাবিখা কর্মসূচিতে এমপিদের চাহিদাপত্রের ভিত্তিতে বরাদ্দ দেওয়া হয় এবং সংশ্লিষ্ট এমপিরা শিগগিরই তাদের বরাদ্দ পাবেন বলে আশা প্রকাশ করেন। এ সময় স্পিকারও বলেন, আপনারাও পেয়ে যাবেন।

এনসিপির আরেক সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৫-২৬ অর্থবছরে প্রতিটি সংসদীয় আসনে কাবিটা ২৫ লাখ টাকা, টিআর ৩০ লাখ টাকা এবং কাবিখা কর্মসূচির আওতায় ২০ মেট্রিক টন গম বরাদ্দ দেওয়া হয়েছে। অতিরিক্ত বরাদ্দও সংসদ সদস্যদের ডিও ও স্থানীয় চাহিদার ভিত্তিতে দেওয়া হচ্ছে, যা সরকারি ও বিরোধী উভয় পক্ষের জন্যই প্রযোজ্য।

কক্সবাজার-৩ আসনের এমপি লুৎফুর রহমান কাজল তার এলাকার দুর্যোগ ঝুঁকি তুলে ধরে বিশেষ বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। জবাবে মন্ত্রী বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় সাইক্লোন শেল্টার নির্মাণ অব্যাহত রয়েছে এবং বিশেষ বরাদ্দের আবেদন পাওয়া গেলে তা বিবেচনা করা হবে।

টাঙ্গাইল-৭ আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানান। তিনি বলেন, অনেক বাড়ির টিনের চাল এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে ঘরের ভেতর থেকে আকাশ দেখা যায়।

জবাবে মন্ত্রী জানান, সাম্প্রতিক শিলাবৃষ্টি ও বজ্রপাতকে বড় ধরনের দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হয়েছে। তিনি বলেন, টিন কেনার প্রক্রিয়া চলমান রয়েছে এবং দ্রুত ঢেউটিন সরবরাহ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি গৃহ মঞ্জুরির ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।

সিলেট-৬ আসনের এমপি ইমরান আহমেদ চৌধুরী মন্ত্রণালয়ের অধীনে নির্মিত সেতু, কালভার্ট ও রাস্তার মান নিয়ে প্রশ্ন তোলেন। তবে মন্ত্রী অভিযোগ পুরোপুরি স্বীকার না করে বলেন, কোনো প্রকল্পের মান নিয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও দাবি করেন, ৪ থেকে ১৫ মিটার দৈর্ঘ্যের সেতু ও কালভার্টগুলো টেকসইভাবে নির্মিত হচ্ছে।

প্রশ্নোত্তর পর্বে জানানো হয়, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

সংরক্ষিত আসনের জামায়াত দলীয় নারী সংসদ সদস্য নূরুন্নিসা সিদ্দীকার প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশে এখন পর্যন্ত ৫৮৮টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩২৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ১১৫টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এছাড়া আরও ১১৫টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৯০টি বহুমুখী আশ্রয়কেন্দ্র এবং ১১২টি দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে।

বিএনপি দলীয় এমপি খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৫-২৬ অর্থবছরে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ২ কোটি ২ লাখ ১ হাজার ৫৩৬ জন উপকারভোগীকে সহায়তা দেওয়া হয়েছে। প্রতি উপকারভোগীকে ১০ কেজি করে মোট ২ লাখ ২ হাজার ১৫ দশমিক ৩৬ টন চাল বরাদ্দ করা হয়।

ভবিষ্যতে ভিজিএফ কর্মসূচিতে মাথাপিছু চালের পরিমাণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দলের সুনাম নষ্ট করলে কাউকে ক্ষমা করা হবে না: নয়ন
দলের সুনাম নষ্ট করলে কাউকে ক্ষমা করা হবে না: নয়ন
উচ্ছৃঙ্খল শ্রেণি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
উচ্ছৃঙ্খল শ্রেণি আবারও মাথাচাড়া দিয়ে উঠছে: যুবদল সভাপতি
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল
প্রধানমন্ত্রীকে লেখা আওয়ামী লীগ নেতার চিঠি ভাইরাল