• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রুশ তেল আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পি.এম.
রুশ অপরিশোধিত তেলবাহী একটি জাহাজের ফাইল ছবি:ছবি: সংগৃহীত

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে ৬০ দিনের জন্য নিষেধাজ্ঞা-সংক্রান্ত শর্ত থেকে বিশেষ ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এ অনুমতি অনুযায়ী, চলতি বছরের ১১ এপ্রিল থেকে আগামী ৯ জুন পর্যন্ত এই ওয়েভার কার্যকর থাকবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র।

মার্কিন ট্রেজারি বিভাগ এর আগে ৩০ দিনের একটি সাময়িক ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল। ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন করে আরও ৬০ দিনের অনুমোদন দেওয়া হলো, যা বাংলাদেশের জ্বালানি আমদানি কার্যক্রমে স্বস্তি আনবে বলে মনে করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ১১ এপ্রিল এই সিদ্ধান্ত ঢাকাকে অবহিত করে। এর ফলে রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে নির্দিষ্ট সময় পর্যন্ত সীমিত শর্ত শিথিল থাকবে।

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়। বিশেষ করে ওই অঞ্চলের সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা দেখা দেওয়ায় বাংলাদেশ বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির পরিকল্পনা নেয়। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে চিঠি পাঠায়, যাতে নির্দিষ্ট শর্তের আওতায় রুশ তেল আমদানি সম্ভব হয়। পরে ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে ধারাবাহিক আলোচনা শুরু হয়।

গত ৩১ মার্চ ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বৈশ্বিক সরবরাহ সংকট ও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশ পক্ষ তখন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংকটকালীন সময়ে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে সম্ভাব্য সহায়তার বিষয়েও আলোচনা হয়।

এছাড়া বৈঠকে রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় কোনো দেশে পরিশোধনের পর আমদানির বিকল্প ব্যবস্থার বিষয়েও আলোচনা হয়, যা ভবিষ্যতে সরবরাহ চেইন ব্যবস্থাকে আরও নমনীয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ইসরাইল-লেবাননের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব
ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প
ইরানের সঙ্গে শিগগির শেষ হবে যুদ্ধ, বললেন ট্রাম্প
আলোচনার জন্য পাকিস্তান সফরে আসতে পারেন ট্রাম্প
আলোচনার জন্য পাকিস্তান সফরে আসতে পারেন ট্রাম্প