• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্বপদে ফিরলেন এনসিপির সেই তানভীর

নিজস্ব প্রতিবেদক    ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পি.এম.
এনসিপি যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

দুর্নীতি সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি পেয়ে পুরনো সাংগঠনিক পদে ফিরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

তদন্তে অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে বলে শুক্রবার এনসিপির কেন্দ্রীয় দপ্তর সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

​বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে তানভীরকে পুনরায় স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রমে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

​উল্লেখ্য, গত ২১ এপ্রিল ২০২৫ তারিখে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গাজী সালাউদ্দিন তানভীরকে শোকজ করা হয় এবং সাংগঠনিক কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হয়। তখন তার বিরুদ্ধে মূলত দুর্নীতি এবং অনৈতিক কমিশন লেনদেনের অভিযোগ তোলা হয়েছিল।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, তানভীরের বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও তদন্তকারী সংস্থা দীর্ঘ সময় ধরে বিস্তারিত অনুসন্ধান চালায়। নিবিড় যাচাই-বাছাই ও পর্যালোচনার পর তদন্ত কমিটি তানভীরের বিরুদ্ধে কোনো অভিযোগের সত্যতা খুঁজে পায়নি। বিশেষ করে দুর্নীতি ও কমিশন সংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

​তদন্ত প্রতিবেদনে নির্দোষ প্রমাণিত হওয়ায় ন্যায়বিচার এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার স্বার্থে তার ওপর থেকে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এনসিপি।

​আদেশ প্রত্যাহারের পাশাপাশি তাকে পূর্বের ন্যায় নিয়মিত সাংগঠনিক দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলের শৃঙ্খলা ও সুনাম অক্ষুণ্ণ রেখে কার্যক্রমকে আরও গতিশীল করতে তানভীর আগের মতোই সহযোগিতা প্রদান করবেন বলে দল আশা প্রকাশ করে।

​এ বিষয়ে গাজী সালাউদ্দিন তানভীরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বরাবরই দলের আদর্শের প্রতি অনুগত ছিলেন এবং তদন্তের মাধ্যমে সত্য সামনে আসায় তিনি সন্তুষ্ট। এখন থেকে পূর্ণ উদ্যমে আবারও জনগণের সেবায় দলের হয়ে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/সম্রাট/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জনগণকে গর্জে উঠার আহ্বান জামায়াত আমিরের
জনগণকে গর্জে উঠার আহ্বান জামায়াত আমিরের
ফেসবুকে কর্মসূচি দিয়ে মাঠে নেই আওয়ামী লীগ
মুজিবনগর দিবস ফেসবুকে কর্মসূচি দিয়ে মাঠে নেই আওয়ামী লীগ
আজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুরু
সংরক্ষিত নারী আসন আজ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎ শুরু