সু চির সাজার মেয়াদ কমল

মিয়ানমারে কারাবন্দী গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির কারাদণ্ডের মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শুক্রবার (আজ) সু চির আইনজীবী বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমানে ৮০ বছর বয়সী নোবেল শান্তি পুরস্কারজয়ী এই নেত্রী উসকানি, দুর্নীতি, নির্বাচনে জালিয়াতি এবং রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের মতো একাধিক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তবে তাঁর সমর্থকদের দাবি, এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
আইনজীবী জানান, মিয়ানমার সরকার সু চির মোট সাজা ছয় ভাগের এক ভাগ কমিয়েছে। তবে তিনি বাকি সাজা গৃহবন্দী অবস্থায় ভোগ করতে পারবেন কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে একই দিনে মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, নতুন প্রেসিডেন্ট মিন অং হ্লাইং ৪ হাজার ৩৩৫ জন বন্দীর জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। গত ছয় মাসে এটি তৃতীয় দফায় এ ধরনের পদক্ষেপ।
দেশটিতে সাধারণত প্রতি বছর জানুয়ারির স্বাধীনতা দিবস এবং এপ্রিলের নববর্ষ উপলক্ষে বন্দীদের সাধারণ ক্ষমা দেওয়া হয়ে থাকে।
রয়টার্সের পক্ষ থেকে সেনা–সমর্থিত সরকারের একজন মুখপাত্রের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত অং সান সু চির নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করেন মিন অং হ্লাইং, যার পর দেশটি রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে।
পরবর্তীতে তিনি জান্তা সরকারের নেতৃত্ব গ্রহণ করেন এবং ৩ এপ্রিল মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না।
ভিওডি বাংলা/এমএস







