বিনিয়োগে আস্থা ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার: সিপিডি

নিজস্ব প্রতিবেদক
অনির্বাচিত অন্তর্বর্তী সরকারে বিনিয়োগকারীরা আস্থা আনতে পারছে না বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বুধবার (২৯ জানুয়ারী) ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘বাংলাদেশ অর্থনীতি ২০২৪-২৫: সংকটময় সময়ে প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সংলাপে একথা বলা হয়।
সংলাপে সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, রাজনৈতিক সংস্কার ও অর্থনৈতিক সংস্কারের মধে কোনো বৈপরীত্য নেই। দুটোই করতে হবে। রাজনৈতিক সংস্কার পার্টিগুলোর ভেতর থেকে করতে হবে। নির্বাচনী সংস্কার দিয়ে রাজনৈতিক সংস্কার হবে না। দলের ভেতরে সংস্কারের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে হবে। অর্থনৈতিক সংস্কার করতে হলেও একটি সময়ের মধ্য দিয়ে যেতে হবে। তবে এখন দ্রুত যে কাজটি করতে হবে, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার পথে যদি সমঝোতার মধ্য দিয়ে আসতে পারে তাহলে যে সংস্কার প্রস্তাবগুলো করা হচ্ছে, সেগুলো চলমান রাখবে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সুযোগ এসেছিল কর ফাঁকি রোধ, ঢালাও কর অব্যাহতি কমিয়ে আনা ও পরোক্ষ করের মধ্য থেকে বের হয়ে এসা। এটা করতে পারলে দেশে আয় বৈষম্য, সম্পদ বৈষম্য ও ভোগ বৈষম্যের যে কথা বলি, সেটা কমতো। অন্তর্বর্তী সরকারের সময়ে সেই কাজটি করার সময় ছিল। কিন্তু এ সরকার সেটা করতে পারছে না।
এলএনজির আমদানিতে যুক্তরাষ্টের সাথে চুক্তির বিষয়ে মোস্তাফিজুর রহমান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে যা হয়েছে, সেটা ননবাইন্ডিং সমঝোতা স্মারক। যেটা আগামী সরকার ইচ্ছা করলে চুক্তি করতে পারে। আবার ইচ্ছা করলে নাও করতে পারে।
রাজনৈতিক অস্থিরতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে বিনিয়োগ হচ্ছে না উল্লেখ করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকার স্বল্পকালীন। এ সরকার জনগণের ম্যান্ডেটহীন ট্রানজ্যাকশনাল সরকার। বিনিয়োগের জন্য স্থিতিশীলতা প্রয়োজন, যা এই সরকারের নেই।
ভিওডি বাংলা/ এমএইচ







