ফুটবলের জন্য আমার ভালোবাসা অনন্ত: আবদুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেছেন, আমি আসলে মাঠের লোক, ফুটবলের লোক। ফুটবলের জন্য আমার অনন্ত ভালোবাসা ও প্রাণ রয়েছে। সে কারণেই একসময় এই ঢাকা শহরে আমি পাইওনিয়ার লীগ ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্ট শুরু করেছিলাম এবং সফলভাবেই তা পরিচালনা করেছিলাম।
বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আর্টিফিশিয়াল টার্ফ মাঠে অনুষ্ঠিত কুল–বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ শেষে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, যুব সমাজকে সুস্থ ও সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নেশাগ্রস্ত কিশোরদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তরুণদের মাঠমুখী করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর সহযোগিতায় ঢাকার অব্যবহৃত মাঠগুলোকে খেলাধুলার উপযোগী পূর্ণাঙ্গ মাঠে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি যেসব এলাকায় মাঠ নেই, সেখানে নতুন মাঠ তৈরির পরিকল্পনাও রয়েছে।
ডিএসসিসি প্রশাসক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী অন্তত প্রতি দুটি ওয়ার্ডে একটি করে মাঠ নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে দখল হয়ে যাওয়া পুরোনো মাঠ উদ্ধার করে পুনরায় খেলাধুলার উপযোগী করার কার্যক্রমও চলমান।
তিনি বলেন, বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক একজন ফুটবলের মানুষ। ফলে পুরো ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রী ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছেন। ক্রীড়াবিদদের পুরস্কার প্রদান, দুস্থ ক্রীড়াবিদদের মাসিক সহায়তা প্রদানসহ নানা কার্যক্রমের মাধ্যমে খেলাধুলায় প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা হচ্ছে।
তিনি আরও বলেন, দেশকে ভালো রাখতে এবং যুব সমাজকে বিপথগামিতা থেকে রক্ষা করতে তাদের মাঠে আনতে হবে। খেলাধুলাকে স্কুল-কলেজের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশ নেয়, সে লক্ষ্যে খেলাধুলাকে মূল্যায়নের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন।
উল্লেখ্য, বাফুফের আর্টিফিশিয়াল টার্ফ মাঠে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে কালবেলাকে টাইব্রেকারে ৩–১ গোল ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে নেয় দীপ্ত টিভি। ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে বিএসজেএ আয়োজিত মিডিয়া কাপ অনুষ্ঠিত হয়।
ভিওডি বাংলা/খতিব/এফএ







