‘এমটি নিনেমিয়া’ থেকে তেল খালাস শুরু

সৌদি আরব থেকে এক লাখ টন ক্রুড নিয়ে আসা ট্যাংকার জাহাজ ‘এমটি নিনেমিয়া’ থেকে ক্রুড অয়েল লাইটারিং শুরু হয়েছে। বুধবার (৬ মে) রাত ১০টার দিকে কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করা জাহাজটি থেকে লাইটারিং শুরু হয়।
জাহাজটি খালাসে ব্যবহার করা হচ্ছে ৬টি লাইটার জাহাজ। রাত ১০টা ১০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। এর আগে, বুধবার ১২টা ১৫ মিনিটে এমটি নিনেমিয়া কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করে।
বৃহস্পতিবার ইস্টার্ন রিফাইনারির বন্ধ থাকা প্ল্যান্ট পুনরায় চালু করা হবে। ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত বিষয়টি নিশ্চিত করেন।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র পেট্রোলিয়াম রিফাইনারি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ জিটুজি পদ্ধতিতে এসব ক্রুড আমদানি করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে।
আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে সরকারি পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।
ভিওডি বাংলা/এসআর







